
নরসিংদীর রায়পুরার মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মাঠজুড়ে সপ্তাহে দুই দিন বসছে গরুর হাট। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের মাঠে গরু-ছাগলের হাট বসাচ্ছেন ইজারাদার। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম।
গতকাল শুক্রবার দুপুরে মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে গরুর হাট বসেছে। গরু-ছাগলের পাশাপাশি গিজগিজ করছেন ক্রেতা-বিক্রেতা। স্বাস্থ্যকেন্দ্রের ভবনের জানালার গ্রিলেও বাঁধা রয়েছে গরু। পাশে বসে হাটের ইজারার টাকা তুলছেন ইজারাদারের লোকজন। পশুর মলমূত্রে চারপাশে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। এতে স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশও হয়ে উঠেছে অস্বাস্থ্যকর।
স্থানীয়রা জানান, ইউপি ভবন এবং তালুকান্দি শুক্কুরে বাজারসংলগ্ন এই স্বাস্থ্যকেন্দ্রে একসময় ইউনিয়নের মানুষ নিয়মিত চিকিৎসাসেবা পেতেন। কিন্তু দীর্ঘদিন ধরে শুক্র ও সোমবার স্বাস্থ্যকেন্দ্রের মাঠে গরু-ছাগলের হাট বসাচ্ছেন বাজারের ইজারাদার। এতে পশুর মলমূত্র ও বর্জ্যে পরিবেশ নষ্ট হচ্ছে। রোগী ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তি আরও বাড়ছে।
স্বাস্থ্যকেন্দ্রের অস্থায়ী ভিজিটর মেহেনিকা বলেন, ‘হাসপাতালের উত্তর ও দক্ষিণ পাশে পশুর হাট ও পোলট্রি খামার থাকায় দুর্গন্ধে বসে থাকা কঠিন। বিদ্যুৎও নেই। জরাজীর্ণ ভবনে আমি ও আয়া অবস্থান করি। সীমানাপ্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। অনেক রোগী দুর্গন্ধে আরও অসুস্থতা বোধ করেন। আমিও প্রায়ই অসুস্থ হয়ে পড়ি।’
হাটের ইজারাদার ফারুকের সহকারী কবির বলেন, ‘শুক্রবার বন্ধের দিন এখানে হাট বসে। স্বাস্থ্যকেন্দ্রে বাউন্ডারি নেই বলে বসি। বাউন্ডারি হলে এমনিতেই সরে যাব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘ইজারা দেওয়া জায়গার বাইরে যদি হাট বসানো হয়, সে ক্ষেত্রে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে চিকিৎসকের সংকটসহ নানা সমস্যায় স্বাস্থ্যকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সপ্তাহে কয়েক দিন অস্থায়ীভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে নিয়মিত চিকিৎসক না থাকায় প্রয়োজনের সময় অনেকে সেবা পান না। চিকিৎসার জন্য দূরের হাসপাতাল কিংবা বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা রাশেদ প্রধান, মোর্শেদ, লিটন মিয়া, শাওন, সালমা, হাফেজাসহ কয়েকজন জানান, এই কেন্দ্র থেকে এলাকার গরিব মানুষ বিনা মূল্যে চিকিৎসা এবং ওষুধ পেতেন। এখন নিয়মিত চিকিৎসক না থাকায় সেবা পাওয়া যায় না। দ্রুত কেন্দ্রটিতে নিয়মিত সেবা নিশ্চিত করা দরকার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্র জানিয়েছে, মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে দীর্ঘদিন ধরে মেডিকেল অফিসার নেই। একজন পরিবারকল্যাণ পরিদর্শিকা এবং একজন আয়ার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুই মাস ধরে কোনো ওষুধও পাওয়া যাচ্ছে না।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনুকা আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মাঠজুড়ে সপ্তাহে দুই দিন পশুর হাট বসানোয় সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আমরা হাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

খুলনার হোটেল টাইগার গার্ডেনের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১৭ মিনিট আগে
বাংলাদেশের প্রতিটি শহরেরই আছে আলাদা একটি পরিচয়। কোথাও ইতিহাস কথা বলে স্থাপত্যে, কোথাও খাবারে, কোথাও মানুষের মুখে মুখে ফিরে আসে হারিয়ে যাওয়া দিনের গল্প। শহর শুধু ইট-পাথরের ভবন আর ব্যস্ত সড়কের নাম নয়; শহর মানে তার মানুষ, তাদের স্মৃতি, অভ্যাস, সংস্কৃতি ও আবেগ।
২৪ মিনিট আগে
খুলনা নগরীতে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল শুক্রবার দুপুরে নগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় এসব ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক মাদক কারবারির স্ত্রী ও ভাইসহ চারজনকে আটক করে...
৩১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মোকসেদ আলীকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে