Ajker Patrika

সোনারগাঁয়ে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর-গুলি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৪৪
সোনারগাঁয়ে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর-গুলি
বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় অস্ত্রধারীরা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বস্তল এলাকায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. হোসেন (৪০) নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। সে সঙ্গে গুলিবর্ষণসহ তাঁর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি পদ ঘিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে রোকনের সঙ্গে দাইয়ানের ছেলে হোসেনের কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় রোকনসহ একদল অস্ত্রধারী ব্যক্তি হোসেনের বাড়িতে প্রবেশ করে হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় হোসেনের পরিবারের লোকজন বাঁচাতে এলে তাঁদের ওপরও হামলার ঘটনা ঘটে। এ সময় হোসেনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালান অস্ত্রধারী ব্যক্তিরা। পরে ঘরের দেয়ালে তিন রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁরা চলে যান।

আহত হোসেনের বোন ইয়াসমিনের দাবি, হোসেনের ওপর হামলা করে বাড়িঘরের আসবাবপত্র ভাঙচুর ও বাড়িতে থাকা নগদ কয়েক লাখ টাকা লুট করেছে হামলাকারীরা। সে সঙ্গে আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকারও লুট হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত রোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দীন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমিসহ অন্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তবে কোনো গুলিবর্ষণের ঘটনা শুনতে পাইনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত