Ajker Patrika

শতভাগ জিপিএ-৫ নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৮: ০৯
শতভাগ জিপিএ-৫ নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে
শতভাগ জিপিএ-৫ পেয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমসের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমসের শিক্ষার্থীরা। চলতি বছরের পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানটির ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটি আবারও শতভাগ জিপিএ-৫ অর্জন করল।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস। এর আগে ২০১৭, ২০২২ ও ২০২৫ সালেও শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জন করেছিল প্রতিষ্ঠানটি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল। ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন, ২০২২ সালে ২৬৬ জনের মধ্যে ২৬৬ জন, ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন, ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন এবং ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছিল। ২০১৭ সালে পরীক্ষায় অংশ নেওয়া ১৬৪ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করে।

এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং তাঁর সহধর্মিণী মিসেস নাছিমা বেগম।

আবদুল কাদির মোল্লা বলেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফল করে আসছে। এবার শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সারাদেশের ফলাফল বিশ্লেষণ করলে আশা করছি, আমরা দেশসেরা অবস্থানে থাকব।’

আবদুল কাদির মোল্লা আরও বলেন, নরসিংদীর মতো মফস্বল শহরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিয়েই তিনি ও তাঁর সহধর্মিণী প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে পরিণত করাই তাঁদের লক্ষ্য।

শতভাগ জিপিএ-৫ পেয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমসের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
শতভাগ জিপিএ-৫ পেয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমসের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

আবদুল কাদির মোল্লা বলেন, ‘একটি শিক্ষা প্রতিষ্ঠানের চারটি স্তম্ভ—পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। আমাদের ভালো ফলাফলের মূল কারণ হলো, আমরা তাঁদেরকে একে অপরের কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হতে দিই না।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, ‘বিদ্যালয়ের ভালো ফলাফলের মূলমন্ত্র হচ্ছে পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়। আমাদের সব সময় উৎসাহ দিয়ে যাচ্ছেন আবদুল কাদির মোল্লা স্যার। তাঁর উদ্ভাবনী চিন্তা ও সময়োপযোগী দিকনির্দেশনায় এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রয়েছে।’

মো. ইমন হোসেন আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, গাইড টিচারের মাধ্যমে হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রমের কারণে এ ফলাফল সম্ভব হয়েছে। শুধু একাডেমিক ফলাফল নয়, সহশিক্ষা কার্যক্রমেও বিদ্যালয়টি সাফল্য অর্জন করে আসছে।

জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থী বলেন, দেশের নানা প্রতিকূলতার কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটলেও শিক্ষকদের কঠোর পরিশ্রম ও সহযোগিতায় তাঁরা সেই ঘাটতি পূরণ করতে সক্ষম হয়েছে। এবারের দেশসেরা ফলাফল তাঁদের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে।

আরেক শিক্ষার্থী বলেন, বিদ্যালয়ের চেয়ারম্যানের নির্দেশনায় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত ও বিশেষ ক্লাস, গাইড টিচারের হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নেওয়ায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, নরসিংদীতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০০৮ সালে শহরের ভেলানগর এলাকায় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা তাঁর ও তাঁর স্ত্রী নাছিমা বেগমের নামে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রায় ১৭৪ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার ২০০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত