Ajker Patrika

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় বাগমারা ও শিবগঞ্জে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিনিজস্ব প্রতিবেদক, রাজশাহী
এসএসসিতে অকৃতকার্য হওয়ায় বাগমারা ও শিবগঞ্জে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা। ছবি: আজকের পত্রিকা

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাজশাহীর বাগমারা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ সোমবার ফল প্রকাশের পর বাগমারার মহব্বতপুর গ্রাম ও শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের এই দুই শিক্ষার্থী বিষপানে ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহীর বাগমারায় নিহত স্কুলছাত্রীর নাম কারিনা পাল (১৬)। সে উপজেলার মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল কারিনা। সে বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।

পরিবারের বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ‘কারিনা ভালো ছাত্রী ছিল। বিদ্যালয়ে সব সময় তার রোল নম্বর দুই-তিনের মধ্যেই থাকত। কিন্তু এসএসসি পরীক্ষায় সে পদার্থ ও রসায়ন বিষয়ে ফেল করে। নিজে মোবাইলে ফলাফল দেখার পর ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।’

ওসি আরও জানান, অনেকক্ষণ ধরে কারিনার সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখে, সে গলায় ফাঁস দিয়েছে। পরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তরিকা খাতুন ওরফে হালেমা (১৬) বিষ পানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিসবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং চাকপাড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

পরিবারের দাবি, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তরিকা জানতে পারে, সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। জোহরের আজানের পর পরিবারের সদস্যরা তাকে বিষপান করা অবস্থায় দেখতে পান।

পরে তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিনা ইসলাম বলেন, বিষপান করা অবস্থায় এক স্কুলশিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপানে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। মরদেহ বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। ঘটনাটি তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত