
নওগাঁর রাণীনগর উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পান চাষ করে সাফল্যের মুখ দেখেছেন শহিদুল আকন্দ নামে এক কৃষক। ধাননির্ভর এই অঞ্চলে তাঁর এ উদ্যোগ ইতিমধ্যেই নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
উপজেলার টুং আকন্দপাড়া গ্রামের মৃত সাজেদ আকন্দের ছেলে শহিদুল আকন্দ জানান, আগে তিনি ধান, আলু ও সরিষা চাষ করতেন। এসব ফসলে কখনো লাভ হলেও বেশির ভাগ সময় লোকসানের মুখে পড়তে হতো, যা ফলন ও বাজারদরের ওপর নির্ভরশীল। প্রায় ১০ বছর আগে ছেলের বিয়ের সূত্রে রাজশাহীর বানেশ্বর এলাকার বাসিন্দা মহসিন আলীর সঙ্গে তাঁর পরিচয় হয়। মহসিন আলী নিজ এলাকায় প্রায় তিন বিঘা জমিতে পান চাষ করে আসছেন এবং দীর্ঘদিন ধরে শহিদুলকে পান চাষে উৎসাহ দিয়ে আসছিলেন।
অবশেষে গত বছরের ফাল্গুন মাসে শহিদুল নিজ উদ্যোগে তিন শতক নিজস্ব জমির সঙ্গে আরও চার শতক জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে মোট সাত শতক জমিতে পানের বরজ গড়ে তোলেন। বানেশ্বর থেকে শ্রমিক এনে বরজ তৈরি ও চারা রোপণে তাঁর প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়।
পরিচর্যার পর এখন সেই বরজ থেকে নিয়মিত পান সংগ্রহ শুরু করেছেন তিনি। প্রতি ১৫ দিন পরপর পান তুলে মাসে প্রায় ৩২ থেকে ৩৫ হাজার টাকা বিক্রি করছেন। মাত্র ৭ শতক জমি থেকে গত তিন মাসে প্রায় ১ লাখ টাকার পান বিক্রি করেছেন। শহিদুল জানান, আর এক মাসের মধ্যে প্রাথমিক খরচ উঠে আসবে। এরপর খরচ বাদ দিয়ে মাসে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি।
তিনি আরও বলেন, সামান্য ছায়াযুক্ত বা পরিত্যক্ত জায়গায় সহজেই পান চাষ করা যায় এবং একবার রোপণ করলে ২০ থেকে ২৫ বছর পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। আগামী বছর আরও ১৬ শতক জমিতে বরজ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁর।
শহিদুলের মতে, এলাকায় প্রচুর ভিটে-মাটি ফাঁকা পড়ে রয়েছে। এসব জমিতে পান চাষ করলে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভবান হওয়া সম্ভব। এ জন্য তিনি কৃষি বিভাগের সঠিক পরামর্শ ও বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন।
তিনি অভিযোগ করেন, এক বছর ধরে পান চাষ করলেও কৃষি অফিস থেকে নিয়মিত কোনো খোঁজখবর নেওয়া হয়নি। সম্প্রতি কৃষি কর্মকর্তারা এলেও পান চাষ বিষয়ে তেমন ধারণা না থাকায় কার্যকর পরামর্শ দিতে পারেননি।
এ বিষয়ে রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর আমি নিজে বরজ পরিদর্শন করেছিলাম। পান চাষ এলাকায় বিস্তৃত হলে স্থানীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে।’ আগ্রহী কৃষকদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর টিএসসি এলাকায় তাঁকে দেখে আটক করা হয়।
২১ মিনিট আগে
উপজেলার ভেন্ডাবাড়ি, খেজমতপুর, রামনাথপুর, মিলনপুরসহ কয়েকটি গ্রামে প্রথমে পরীক্ষামূলকভাবে শুরু হয় আঙুর চাষ। সময়ের সঙ্গে সঙ্গে সেই উদ্যোগই এখন বাণিজ্যিক রূপ নিতে শুরু করেছে। স্থানীয় কৃষক তহিদুল ইসলাম এ পরিবর্তনের অন্যতম উদাহরণ। কয়েক বছর আগে ইউটিউব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে ছোট...
৩২ মিনিট আগে
উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ভবনটির কাজ শেষ হলেও লাইব্রেরি হিসেবে প্রয়োজনীয় কোনো প্রস্তুতি নেই। বই রাখার বুকশেলফ স্থাপন করা হয়নি, নেই পাঠ্যপুস্তক, রেফারেন্স বই কিংবা দৈনিক পত্রিকা। কক্ষটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে। পাঠকদের বসার জন্য চেয়ার-টেবিলের ব্যবস্থাও নেই। ভবনের বারান্দায় ‘কেন্দ্রীয়...
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ (৮) মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার নারীসহ আরও ৯ যাত্রী। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে