Ajker Patrika

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২০: ২৬
সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড
সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কর্মকর্তাদের আগেই সরে দাঁড়াতে বলেছিল দেশটির সরকার। শেষ পর্যন্ত তা-ই হলো। সরকারি হস্তক্ষেপে আজ ভেঙে গেল এসএলসি।

আজ এসএলসির কর্মকর্তারা পদত্যাগ করেছেন বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদন প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘এসএলসি সভাপতির (শাম্মি সিলভা) দুই বছরের মেয়াদ পূর্ণ হতে এখনো ১১ মাস বাকি। এই সময়েই পদত্যাগের ঘোষণা দিতে একটি বিশেষ সভা আহ্বান করেন। একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা দলকে দায়িত্ব দিতে কমিটি পদত্যাগ করেছে। নতুন অন্তর্বর্তীকালীন দলের নেতৃত্বে থাকবেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার। তিনি একই সঙ্গে একজন বিরোধী রাজনীতিবিদ।’

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হলেও দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক দিন ধরেই। জন অসন্তোষের কারণে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। একজন সরকারি কর্মকর্তা জানান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সপ্তাহের শেষে সিলভার সঙ্গে বৈঠক করে নতুন ব্যবস্থাপনায় বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন।

এর আগে সরকারি হস্তক্ষেপে ভেঙে দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ৭ এপ্রিল বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠন করে অ্যাডহক কমিটি। তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বিসিবিতে।

শ্রীলঙ্কার ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ নতুন কিছু নয়। ২০২৩ সালের নভেম্বরে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি এসএলসির সদস্যপদ স্থগিত করেছিল। পরে ২০২৪ সালের জানুয়ারির শেষে স্থগিতাদেশ তুলে সিলভার কমিটি পুনর্বহাল করা হয়েছিল। তারপর চতুর্থবারের মতো এসএলসি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার তো বোর্ডই ভেঙে দেওয়া হলো। আইসিসি কোনো শাস্তি দেয় কি না, সেটাই এখন দেখার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত