
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভায় এক মুক্তিযোদ্ধা তাঁর বক্তব্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় বিশৃঙ্খলা শুরু হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে লাঞ্ছিত ও প্রকাশ্যে মাইকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে আলাউদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে দ্রুত তদন্ত ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধাকে হেনস্তার এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। বক্তব্যের শেষ দিকে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে তাৎক্ষণিকভাবে তিনি এমন স্লোগান ভুলবশত দিয়েছেন বলে সভাস্থলেই দুঃখ প্রকাশ করেন।
এ সময় বৈঠকে উপস্থিত হাজিনগর ইউনিয়নের মাকলাহাট গ্রামের বাসিন্দা আলাউদ্দিন নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তিনি ও তাঁর সহযোগীরা বীর মুক্তিযোদ্ধার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন বলে অভিযোগ ওঠে। প্রবীণ ওই মুক্তিযোদ্ধাকে সভাস্থলের মাইকে সবার সামনে পুনরায় ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এই ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ, সুধী সমাজ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন, ‘আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। সময়ের পরিপ্রেক্ষিতে এখন এই স্লোগান দেওয়া যে কারও জন্য বিপজ্জনক। গতকাল সভায় মুখ ফসকে জয় বাংলা বলার পর আমি সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করলেও আমাকে সবার সামনে লাঞ্ছিত করা হয় এবং মাইকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।’
এ বিষয়ে হাজিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ বলেন, ‘আলাউদ্দিন নিজেকে বিএনপি নেতা দাবি করলেও বাস্তবে তাঁর কোনো সাংগঠনিক পদ নেই। সে রাজনৈতিক সুবিধা নিতে বিএনপির নাম ব্যবহার করছে। অতীতে তার বিরুদ্ধে ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’
অন্যদিকে অভিযুক্ত আলাউদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি নিজেকে যুবদলের কর্মী বলে দাবি করলেও যুবদলের কোনো পদ বা সাংগঠনিক পরিচয়ের প্রমাণ দেখাতে পারেননি।
আলাউদ্দিন বলেন, ‘মিজানুর রহমান বক্তব্যের একপর্যায়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। সঙ্গে সঙ্গে আমিসহ কয়েকজন প্রতিবাদ করি। সবাই যখন উত্তেজিত হয়ে যায়, তখন বিষয়টি অন্যদিকে চলে যায়। পরে মিজানুর রহমান মাইকে সবার কাছে ক্ষমা চান। এখন আমাকে একাই দায়ী করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, এমন ঘটনা তিনি জানেন না। আর এ নিয়ে কেউ তাঁর কাছে কোনো অভিযোগও করেননি।

কিং কোবরা, কালো গোখরা, পঙ্খীরাজ, কালকেউটে, পদ্মগোমা, সাদা গোমা, বিষঝুড়ি, পাইথন ও দাঁড়াশসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই শ সাপ রয়েছে। এটি কোনো জঙ্গলের চিত্র নয়, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে খামারের চিত্র। এই খামার থেকে সংগ্রহ করা হবে সাপের বিষ।
৬ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলায় যাচাই-বাছাই কমিটির তদন্ত শেষে বাদ দেওয়া ২০ শিক্ষককে পুনর্বহাল করেছে ইসলামিক ফাউন্ডেশন। ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে এসব শিক্ষককে পুনর্বহাল করা হয়।
৬ ঘণ্টা আগে
রাজশাহী শহরের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া ২৩৮ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আসেনি। তারা সবাই রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছিল। তারা ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শিক্ষক-অভিভাবকেরা ধারণা করছেন, শিশুদের পরীক্ষার...
৬ ঘণ্টা আগে
রাজশাহীতে এখনো জমজমাট আমের বাজার। তবে মৌসুম প্রায় শেষের দিকে হওয়ায় আমের দাম বেশ বাড়তি। সরবরাহ কমে আসায় গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের আমের দাম মণপ্রতি ৮০০ থেকে ১০০০ হাজার টাকা বেড়েছে। এর মধ্যে আম্রপালি আম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪ হাজার থেকে ৪ হাজার ৮০০ টাকা মণ দরে।
৬ ঘণ্টা আগে