
ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির পথে। বন্যার ষষ্ঠ দিনে আজ বুধবার ভোরে মানুষের ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। আর বৃষ্টি না হলে পানি নেমে যেতে আরও দু-এক দিন লাগবে। বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী না পৌঁছানোর অভিযোগ অনেকের।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন উপজেলায় নগদ ৭ লাখ টাকা ও ৬৩ মেট্রিক টন চাল বিতরণের কার্যক্রম চলছে। তা ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণসহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।
এবারের বন্যায় ফুলপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়ে অন্তত ২৪ হাজার মানুষ। আজ বুধবার সকালে সিংহেশ্বর ইউনিয়নের ভাটপাড় ও সিংহেশ্বর গ্রামে গিয়ে দেখা যায় পানি কমছে। মানুষের ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ার বিষয়টা ইতিমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে।
ভাটপাড় গ্রামের আব্দুল মোতালেব বলেন, ‘বাড়ির উঠানে এখনো কোমরপানি। তাই ছাগলটি অন্যত্র নিয়ে যাচ্ছি। আজ সকাল থেকে পানি কমছে। কয়েক দিন দুর্ভোগে থাকলেও কেউ কোনো সহযোগিতা করেনি।’
একই গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘১৯৮৩ সালের পর এবারের বন্যা সবচেয়ে বড়। আমার ৯০ কাঠা জমির ধান তলিয়ে আছে পানিতে। কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমার মতো হাজারো কৃষক ক্ষতিগ্রস্ত। সরকার সহযোগিতা না করলে ঘুরে দাঁড়ানো মুশকিল হবে। বিএনপির নেতা-কর্মীরা ত্রাণ সহায়তা করলেও প্রশাসনের কেউ আসেনি।’
সিংহেশ্বর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নয়ছুদ্দিন আকন্দ বলেন, ‘মানুষের স্বপ্ন পানিতে ভেসে গেছে। পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগ আরও বাড়বে। এরশাদের সময় বাংলাদেশে বন্যা হয়েছিল। তখন ব্রিটেনের রাজা-রানি এসেছিলেন সহায়তা নিয়ে। এখন আর এমনটি হয় না। আমরা চাই, অন্তত আমাদের সরকার সহযোগিতা করুক।’
হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের হাসিনা বানু বলেন, ‘মানুষের বাসায় কাজ করে আমার দিন চলত। বন্যার কারণে এখন কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুই বেলা ঠিকমতো খেতেও পারছি না। কারও কাছ থেকে কোনো সহযোগিতাও পাচ্ছি না। ত্রাণসামগ্রী আমাদের খুব প্রয়োজন।’
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম বলেন, আজ বুধবার সকাল থেকে ফুলপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। মানুষের বাড়িঘরের পানি নামতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গতদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেন, ‘আজ নতুন করে কোনো গ্রাম প্লাবিত হয়নি। বিপরীতে পানি কমতে শুরু করেছে। আশা করা যাচ্ছে, পানি কমে যাবে। আমাদের পাশাপাশি বিভিন্ন সংগঠন বানভাসিদের মধ্যে শুকনো খাবার, ওষুধ বিতরণ অব্যাহত রেখেছে।’
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, ‘উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হালুয়াঘাটে বন্যার সৃষ্টি হয়। উজানের পানি কমে এখন নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করায় মানুষের মধ্যে স্বস্তি আসতে শুরু করেছে। হালুয়াঘাটে ১৮ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে তাদের সহযোগিতা করার পাশাপাশি ক্ষতি নিরূপণ করে সামগ্রিক সহযোগিতা করতে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হবে।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ বুধবার রাতে বৃষ্টি না হওয়ায় ভোর থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বাড়িঘরের পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে। বৃষ্টি না হলে দু-এক দিনের মধ্যে পানি নেমে যাবে।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৫ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৫ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৬ ঘণ্টা আগে