
পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগে রাঙামাটির চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়ের স্ত্রী ইয়েন ইয়েনকে সতর্ক করেছে রাঙামাটি জেলা প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ থেকে ২৮ মার্চ কানাডায় অনুষ্ঠিত ‘The 25 th Session of the United Nations Permanent Forum on Indigenous Issues (UNPFII) ’-এ ৬ থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। ওই দলে নেতৃত্ব দেন ইয়েন ইয়েন।
অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক এই ফোরামে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি, পার্বত্য শান্তিচুক্তি, সীমান্ত সড়ক নির্মাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বাংলাদেশবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালানো হয় বলেও দাবি সংশ্লিষ্টদের।
এ ঘটনার পর গত ৬ এপ্রিল রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফী ইয়েন ইয়েনকে একটি সতর্কতামূলক চিঠি দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি উঠে এসেছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এ ধরনের কার্যক্রম পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এবং স্থানীয়ভাবে অস্থিতিশীলতা তৈরির ঝুঁকি বাড়াতে পারে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক নাজমা আশরাফী আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইয়েন ইয়েনকে সতর্ক করা হয়েছে। বিষয়টি রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’
এ বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব জিয়া আহসান হাবিব বলেন, জেলা প্রশাসনের এ পদক্ষেপ কেবল ব্যক্তি পর্যায়ের প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং এটি রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার বিষয়টির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
তিনি বলেন, ‘গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে যে অভিযোগ আনা হয়েছে, তা শুধু মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন নয়; বরং রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও কৌশলগত তথ্যযুদ্ধের অংশ হিসেবেও বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক ফোরামে উপস্থাপিত তথ্য বিদেশি রাষ্ট্র, মানবাধিকার সংস্থা ও নীতিনির্ধারকদের দৃষ্টিভঙ্গি প্রভাবিত করে।’
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অত্যন্ত সংবেদনশীল ভূ-রাজনৈতিক অঞ্চল উল্লেখ করে জিয়া আহসান বলেন, ‘সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমি বিরোধ, আঞ্চলিক রাজনীতি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তার কারণে পরিস্থিতি এমনিতেই জটিল। এ অবস্থায় বাস্তবতাবিবর্জিত বা একপক্ষীয় তথ্য আন্তর্জাতিক মহলে উপস্থাপন করা হলে তা স্থানীয় পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।’
পার্বত্য নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বলেন, ‘পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এমন সময়ে উদ্দেশ্যপ্রণোদিত বা নেতিবাচক তথ্য আন্তর্জাতিক পরিসরে প্রচার করা হলে তা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যেও বিভ্রান্তি তৈরি করতে পারে।’
এ বিষয়ে রাঙামাটির চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়ের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মোবাইল নম্বরে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পুরান ঢাকার বংশালের একটি মোটর ওয়ার্কশপে ঢুকতেই শোনা যায় লোহা কাটার শব্দ। চারদিকে ছড়িয়ে আছে গ্রিজ, ধোঁয়া আর পোড়া তেলের গন্ধ। বড় বড় যন্ত্রপাতির মধ্যে ব্যস্ত কয়েক শিশু। সবচেয়ে ছোট্ট শিশুটির বয়স বড়জোর ১২ বছর। সে শিখছে গাড়ির যন্ত্রাংশ মেরামতের কাজ।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহারে বিএনপি একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রায় চার মাস পর দেওয়া প্রথম জাতীয় বাজেটে ওই সব প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।
৯ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং করব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সংস্থাটি বলছে, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিদ্যমান দুর্নীতি ও যোগসাজশভিত্তিক কর ফাঁকি বন্ধ...
১২ ঘণ্টা আগে
মোবাইলের নতুন সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তবে এই পদক্ষেপ আংশিক স্বস্তির হলেও টেলিযোগাযোগ খাতকে সত্যিকার অর্থে গ্রাহকবান্ধব করার ক্ষেত্রে পূর্ণ সমাধান নয় বলে মনে করে সংগঠনটি।
১৩ ঘণ্টা আগে