Ajker Patrika

মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
নিহত সোহেল মুন্সীর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহেল বাড়ির পূর্ব পাশের একটি ঘরে একাই ঘুমাতে যান। তাঁর স্ত্রী নূপুর বেগম সম্প্রতি সন্তান প্রসব করায় শাশুড়ি সেফালি বেগমের সঙ্গে পাশের অন্য একটি ঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে বাড়ির উঠানে হঠাৎ শব্দ শুনে তাঁরা বাইরে এসে দেখেন, উঠানে রাখা সোহেলের মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলছে। একই সময়ে উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সোহেলের মরদেহ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গভীর রাতে সোহেলকে ঘর থেকে ডেকে বাইরে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হত্যাকারীরা মোটরসাইকেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল সিডার চর এলাকা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করতেন। এর আগে ২০২২ সালে বিদেশি মদসহ তিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত