পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর, চালক উধাও

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনের যাত্রী হিসেবে ছিলেন।
দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলচালক পালিয়ে যান। পরে খবর পেয়ে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে তাঁর নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পলাতক মোটরসাইকেলচালককে শনাক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।








