Ajker Patrika

মেঘনা নদী থেকে নারী-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মেঘনা নদী থেকে নারী-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
মেঘনা নদী থেকে নারী-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা-পুলিশ ও নৌ পুলিশ।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ ফেরিঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চর রমজানবেগ এলাকায় মেঘনা নদীর কচুরিপানার ভেতর দুটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে গজারিয়া থানা-পুলিশ ও নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। মরদেহ দুটি উদ্ধারের পর ট্রলারে করে নদীর তীরে নিয়ে আসা হয়।

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ অঞ্চলের নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। চর রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভেতর থেকে পুরুষের মরদেহটি এবং প্রায় ৫০ মিটার দূর থেকে নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

আলমগীর হোসেন আরও বলেন, নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত