Ajker Patrika

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৫: ২১
রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি
ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিষয়টি নিশ্চিত করে চিফ হুইপ নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ফরম একজনের জন্য নিয়েছি কিন্তু কোনো ধরনের ভুল-ত্রুটি যেন না হয়, এ জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ। তবে কারও নামে সেটি সংগ্রহ করা হয়নি। তফসিল অনুযায়ী আমরা মনোনয়ন জমা দেব।’

রাষ্ট্রপতি নির্বাচনে একজনের একাধিক মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ আছে। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও ২০২৩ সালে রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল। সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে একটি বৈধ হলে বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে জানান, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ ২০ আগস্ট।

এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনীত করেছে বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পরে ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল। সেবার তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেছিলেন। এরপর হওয়া রাষ্ট্রপতি নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হয়েছিল। এবারও রাষ্ট্রপতি পদে নির্বাচন হলে বিএনপির প্রার্থীই বিজয়ী হবেন। কারণ এ নির্বাচনের ভোটার হলেন সংসদ সদস্যরা। আর সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। সেক্ষেত্রে সংসদের একক সংখ্যাগরিষ্ঠতা থাকা বিএনপি প্রার্থীই বিজয়ী হবেন।

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট কক্ষ জাতীয় সংসদ কক্ষ। সংসদের অধিবেশন না থাকলে স্পিকারের পরামর্শে একদিনের বৈঠক আহ্বান করবেন নির্বাচনী কর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোট হবে। শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে তার সাতদিন পূর্বে একদিনের বৈঠক আহ্বান করবেন সিইসি। তবে সেটি সংসদের নিয়মিত অধিবেশন হিসেবে গণ্য হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত