
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় অতিরিক্ত পানির কারণে নির্ধারিত সময়ের মধ্যে খাল খননের কাজ শেষ হয়নি। ফলে প্রকল্পের অব্যবহৃত ২ কোটি ৯৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে। এতে খাল খনন প্রকল্পটি পুনরায় বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, খালগুলোর খননকাজ সম্পন্ন হলে কয়েক হাজার হেক্টর আবাদি জমির দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হতো। বন্যা বা অতিবৃষ্টির সময় ফসলি জমি থেকে দ্রুত পানি নেমে গিয়ে জলাবদ্ধতা কমে আসত; পাশাপাশি শুকনা মৌসুমে বোরো চাষের জন্য সেচের পানির সংকটও অনেকাংশে দূর হতো এবং কৃষকদের সেচ ব্যয় কমে আসত। তাঁদের দাবি, কৃষির স্বার্থে খালগুলো পুনঃখননের জন্য দ্রুত নতুন করে বরাদ্দ দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হোক।
জানা যায়, জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিয়াছড়ায় ২ হাজার ৭৫০ মিটার খাল খননের জন্য ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরের ১৮ এপ্রিলে খননকাজ শুরু হয়ে ৩০ জুনের মধ্যে শেষ করার সময় নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত সময়ে হাওরের পানি বাড়ায় মাত্র ৬৪০ মিটার খাল খনন করা সম্ভব হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। অব্যবহৃত ১ কোটি ২৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
কুলাউড়া উপজেলায় ভূকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্যোগ নেওয়া হয়।
প্রকল্পের আওতায় ৩ দশমিক ০৯ কিলোমিটার খাল খননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৪ মে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলেও ৩০ জুন পর্যন্ত মাত্র ৭৫০ মিটার খননকাজ সম্পন্ন হয়। এতে প্রায় ৩২ লাখ টাকা ব্যয় হয়। টানা বৃষ্টিপাতের কারণে প্রকল্পের অবশিষ্টাংশের কাজ করা সম্ভব হয়নি। ফলে অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
স্থানীয় কৃষক আব্দুর রহমান ও রাজ্জাক মিয়া বলেন, দীর্ঘদিন পর খাল খননের কাজ শুরু হয়েছিল। খনন কাজ দেখে কৃষকদের মাঝে একধরনের উৎসাহ বিরাজ করছিল। হঠাৎ শুনি, কাজের সময় শেষ, আর খনন হবে না। টাকা ফেরত দেওয়া হয়েছে।
তাঁদের অভিযোগ, ধীরগতিতে কাজ হওয়ায় বেশির ভাগ খাল খনন করা সম্ভব হয়নি। কাজের সময় কম থাকায় দ্রুততম সময়ে কাজ করানো উচিত ছিল। সময় বাড়িয়ে পুনরায় খাল খননের কাজ শুরু করার দাবি জানান তাঁরা।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল বলেন, ‘বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের মধ্যে খাল খননের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। মাত্র ৬৪০ মিটার খনন করা হয়েছে।’
কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল জানান, নির্ধারিত সময়ে কাজের মান বজায় রেখে ৭৫০ মিটার খননকাজ সম্পন্ন হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে প্রকল্পের অবশিষ্টাংশের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, অতিবৃষ্টি এবং পানি বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ে খননকাজ সম্পন্ন করা যায়নি। কাজ শেষ না হওয়ার পেছনে প্রতিকূল আবহাওয়া প্রধান সমস্যা ছিল। প্রকল্পের অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। আমরা পুনরায় আবেদন করেছি খননকাজের জন্য।’
এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, ‘কমলগঞ্জ, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলায় খাল খননের কাজ শুরু হয়। নির্ধারিত সময়ে কমলগঞ্জ উপজেলার ১ হাজার ৫০০ মিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে। কুলাউড়া ও শ্রীমঙ্গলে বৃষ্টি ও বন্যার জন্য খননকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। খাল খননের জন্য পুনরায় বরাদ্দ চেয়ে আবেদন করেছি।’

দেশের নৌ খাতের প্রকৃত চিত্র তুলে ধরা, নৌ নিরাপত্তা জোরদার করা এবং জেলে ও নৌ-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রথমবারে মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি-২০২৬। তাই নৌ খাতে সঠিক পরিকল্পনার জন্য নৌযান শুমারিতে নির্ভুল তথ্য প্রদান জরুরি। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘নৌযান শুমারি ২০২৬’
৪ মিনিট আগে
নাটোরের লালপুরে মুরগির খামারের চারপাশে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে সিহাব আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খামার মালিক আসলাম হোসেনের বিরুদ্ধে লালপুর থানায় নিয়মিত মামলা রুজু করেছে পুলিশ।
৮ মিনিট আগে
যশোরে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। এর আগে সকালে শিশু ও এক অভিভাবককে মারধরের অভিযোগ ঘিরে ক্ষুব্ধ জনতা এমপির বাড়ি ঘেরাও করে হামলা চালায়।
১২ মিনিট আগে
৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত রোববার (২৬ জুলাই) বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজকের পত্রিকায় বাবলুর বিষয়ে খবর প্রকাশের পর অনেকেই তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
১৩ মিনিট আগে