Ajker Patrika

মুরগির খামারে বিদ্যুতের ফাঁদে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা

লালপুর (নাটোর) প্রতিনিধি
মুরগির খামারে বিদ্যুতের ফাঁদে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা

নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে মুরগির খামারের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে সিহাব আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় খামার মালিক মো. আসলাম হোসেনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা রুজু করেছে পুলিশ।

নিহত সিহাব আলী উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ছফের প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মো. আসলাম হোসেন (৫৫) তাঁর মুরগির খামারে শিয়াল, বেজি ও চোরের উপদ্রব ঠেকাতে চারপাশে জিআই তারের বেড়া দেন। নিরাপত্তার নামে ওই বেড়ায় অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল।

আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে খামার মালিকের ছেলে মো. রায়হান আলী খামারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে যান। এ সময় খামারের উত্তর পাশে বিদ্যুতায়িত জিআই তারের সঙ্গে জড়ানো অবস্থায় সিহাব আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা ছুটে এসে লাশটি উদ্ধার করেন।

খবর পেয়ে লালপুর থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সিহাব আলীর পরিবারের সদস্যরা বলেন, গতকাল সোমবার রাত ১০টার দিকে সিহাব আলী নিজ বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর ঘরে ফেরেননি। এ নিয়ে তারা খানিকটা দুশ্চিন্তায় ছিলেন। সকাল হতে না হতেই রায়হানের চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে তাঁরা সিহাব আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সিহাব আলীর ছেলে মো. সোহান আলী (৩০) বাদী হয়ে লালপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে খামার মালিক আসলাম হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত