Ajker Patrika

চার শর্তে খুলল শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা-বাগান, কাজে ফিরছেন শ্রমিকেরা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২২: ০৩
চার শর্তে খুলল শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা-বাগান, কাজে ফিরছেন শ্রমিকেরা
ইউএনও মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ফিনলে টি কোম্পানির মালিকানাধীন খেজুরিছড়া চা-বাগান ও কারখানা অবশেষে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বৈঠক শেষে চারটি শর্তে বিরোধ নিষ্পত্তির বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। আজ শুক্রবার থেকেই বাগান ও কারখানা খুলে দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন।

আজ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফিনলে টি কোম্পানির প্রতিনিধি, আন্দোলনরত চা-শ্রমিকদের প্রতিনিধি, স্থানীয় বিএনপির নেতা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আলোচনা ও মতবিনিময় শেষে লিখিত শর্তের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তিতে ঐকমত্যে পৌঁছান তাঁরা।

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়, এমন কোনো বক্তব্য বা কাজ করতে পারবেন না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে প্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বাগানের মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদ্‌যাপনের জন্য উপজেলা প্রশাসন একটি কমিটি গঠন করবে। মন্দিরের সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করতে সরকারি বরাদ্দের ব্যবস্থা করা হবে।

বিরোধের জেরে কোনো পক্ষ যেন প্রতিশোধমূলক আচরণ না করে এবং এর নেতিবাচক প্রভাব যেন শ্রমিকদের কর্মজীবনে না পড়ে, তা নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বৈঠক শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা লিখিত সিদ্ধান্তে স্বাক্ষর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্রমিক অসন্তোষ ও অভ্যন্তরীণ বিরোধের জেরে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের খেজুরিছড়া চা-বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান বলেন, বাগানের অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাগানের অচলাবস্থা নিরসন ও স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার পথ তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত