বাজার থেকে ক্রয় করা কলার ছড়িতে মিলল তক্ষক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা শহরের এক কলা ব্যবসায়ীর বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয় কলা বিক্রেতা আলমগীর হোসেন ভ্যানগাড়িতে করে কলা বিক্রি করেন। আজ বাজার থেকে কলার ছড়ি কিনে বাড়িতে নেওয়ার পর সেটির ভেতরে একটি প্রাণীর উপস্থিতি দেখতে পান তিনি। এতে আতঙ্কিত হয়ে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। পরে তাঁরা কলার ছড়ির ভেতর থেকে তক্ষকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এরপর সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বিষয়টি নিশ্চিত করে বলেন, তক্ষকটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।









