শ্রীমঙ্গলে হাসিবুল ইসলামের ওপর হামলাকারী শনাক্ত, দাবি পুলিশের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির প্রাথমিক পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম হাবিবুর রহমান। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, মামলার এজাহারে হাবিবুর রহমান নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী হামলায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে হাসিবুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। তাঁরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিবুল ইসলামের ওপর দা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তাঁর হাতে আঘাত লাগে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাধানগর এলাকার একটি সড়ক দিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলেন হাসিবুল। তাঁর পাশের আসনে একজন নারী ছিলেন। এ সময় এক ব্যক্তি ইজিবাইকের গতিরোধ করেন। ভিডিওতে ওই ব্যক্তিকে হাসিবুলকে উদ্দেশ করে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিতে শোনা যায়। এরপর সেখানে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। একপর্যায়ে হাসিবুলকে ‘ভাই, ভাই, প্লিজ ভাই’ বলতে শোনা যায়। পরে তাঁকে দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়।
রিসোর্টের এক কর্মচারী জানান, হামলার পর হাসিবুল রিসোর্টে ফিরে এলে তাঁর হাতে আঘাত দেখতে পান তাঁরা। পরে রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ দিয়ে রক্তপাত বন্ধের ব্যবস্থা করে।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।









