
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম চর বাঘুটিয়া এখন যমুনার করালগ্রাসে। নদীর অবিরাম ভাঙনে একের পর এক বসতভিটা, আবাদি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লিনিক—সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। প্রতিমুহূর্তে ধসে পড়ছে মানুষের বেঁচে থাকার অবলম্বন।
গত দুই মাসেই নদীভাঙনে নিঃস্ব হয়েছে দুই শতাধিক পরিবার। এক যুগ আগেও যেখানে ছিল প্রায় ২৫ হাজার মানুষের আবাস, আজ তা কমে এসেছে মাত্র সাড়ে ১৪ হাজারে। ভিটেমাটি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছে আত্মীয়ের বাড়িতে, কেউ পথের পাশে, আবার কেউ জীবনের চরম অনিশ্চয়তায় খোলা আকাশের নিচে।
এলাকাবাসীর অভিযোগ, যমুনা নদীতে অপরিকল্পিত ও অব্যাহত ড্রেজিংয়ের কারণে ভাঙনের তীব্রতা বেড়েই চলেছে। চর বাঘুটিয়ার লাগোয়া এলাকাগুলোতে দিন-রাত চলছে বালু উত্তোলন, অথচ প্রশাসনের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই।
স্থানীয় কৃষক শহীন মিয়া বলেন, ‘ড্রেজার বসিয়ে নদীর বুক কেটে ফেলা হচ্ছে, আর সেই স্রোতেই আমাদের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না।’

স্থানীয় কৃষক শহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে ভাঙন ছিল, কিন্তু এত তীব্র ছিল না। এখন ড্রেজার যেদিক থেকে বালু তোলে, সেদিক দিয়েই আমাদের বাড়িঘর ভেঙে নিয়ে যায়। আমার ৪০ বিঘা জমি ছিল, সব নদীতে চলে গেছে। দুইটা ঘর বানিয়েছিলাম, সেগুলোও নদী খেয়ে ফেলেছে। আমরা গ্রামবাসী একসঙ্গে প্রতিবাদও করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। সরকার শুধু দেখছে, কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এখন কোথায় যাব, কীভাবে বাঁচব বুঝতে পারছি না।
বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম ইয়াছিন জানান, রাহাতপুর এলাকায় বালুমহল ইজারা দেওয়া হয়েছে। ইজারার বাইরে বিশেষ করে পারুরিয়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এতে ক্ষুব্ধ স্থানীয় জনতা কয়েকটি বাল্কহেড আটকও করেছিল। এ ধরনের বালু উত্তোলনের কারণেই প্রতিবছর নদীভাঙন বাড়ছে। বালু উত্তোলন বন্ধ হলেই ভাঙন কমে যাবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, নিজভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া, পারুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রংদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে অন্যত্র স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মানিকগঞ্জ নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ভাঙন ঠেকাতে বরাদ্দ চাওয়া হয়েছে। তবে চরাঞ্চলে বালু বেশি থাকায় অল্প পানির স্রোতেই ভাঙন শুরু হয়। তাই প্রতিবছরই নতুন করে কাজ করতে হয়।’
তিনি আরও বলেন, নদীপাড়ের ঝুঁকিপূর্ণ স্থানগুলোর ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে ১৪ হাজার জিও ব্যাগ ফেলানোর কার্যক্রম শুরু করা হয়েছে। এ ছাড়া নদীভাঙন প্রতিরোধে স্থায়ী প্রতিরক্ষামূলক প্রকল্প গ্রহণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে এবং কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে