Ajker Patrika

ইট ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ‘প্রতারক’

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
ইট ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ‘প্রতারক’
প্রতারণা করে ইট ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার মো. ফারুক হোসেন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে প্রতারণা করে ইট ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই ফারুক নিজেকে ‘শাহীন’ পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর থেকে উপজেলার স্বাধীন ইটভাটার অংশীদার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁদের বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে রাজি করান। পরে নিজেকে সেই ইটের মালিক দাবি করে অন্য জায়গায় তা বিক্রি করেন। পরে ইট বিক্রির ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন ফারুক। এ ঘটনায় ভুক্তভোগীরা গত মঙ্গলবার (৪ আগস্ট) হরিরামপুর থানায় একটি মামলা করেন। এরপর তাঁকে গ্রেপ্তারে ঢাকা মহানগর ও নরসিংদী এলাকায় অভিযান চালায় পুলিশ। গতকাল শুক্রবার নরসিংদীর পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর ফারুকের কাছ থেকে আত্মসাৎ করা ৩০ হাজার এবং তাঁর বাবার কাছ থেকে আরও ১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, ‘ফারুক একজন পেশাদার প্রতারক। তিনি দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করতেন। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত