Ajker Patrika

সাটুরিয়ায় রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সংঘর্ষে আহত ৭

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪০
সাটুরিয়ায় রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সংঘর্ষে আহত ৭
মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমির মালিকানা নিয়ে বিরোধ এবং জনচলাচলের রাস্তা বন্ধ করে টিনের ছাপরা ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ধানকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কামতা গ্রামে এ ঘটনায় অন্তত সাতজন আহত হন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন জোনাব আলী (১০৫), তাঁর ছেলে আব্দুল মোন্নাফ (৬৫), নাতি আনোয়ার হোসেন (৪০), দেলোয়ার হোসেন (২৭), পুত্রবধূ রাশেদা বেগম (৫৫) এবং অপর পক্ষের মোহাম্মদ আলী (৬০) ও তাঁর ভাতিজা আবুল হাশেম (৫০)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কামতা মৌজার একটি জমির মালিকানা ও ভোগদখল নিয়ে জোনাব আলী ও মোহাম্মদ আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন।

সম্প্রতি ওই জমির পাশ দিয়ে স্থানীয়দের ব্যবহৃত প্রায় ১০ ফুট প্রশস্ত রাস্তার প্রবেশপথ বন্ধ করে টিনের ছাপরা ঘর নির্মাণ করেন জোনাব আলীর পরিবার। রাস্তাটি দিয়ে প্রায় ১০টি পরিবারের সদস্যরা চলাচল করতেন।

রাস্তা বন্ধের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আপত্তি জানিয়ে মাতব্বর ও ইউনিয়ন পরিষদের সদস্যের কাছে লিখিত অভিযোগ করেন। পরে সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।

স্থানীয়দের ভাষ্য, আজ সকালে মোহাম্মদ আলী ও তাঁর লোকজন ছাপরা ঘরটি ভাঙতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের সাতজন আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন জোনাব আলীর নাতি সুজন হোসাইন অভিযোগ করেন, প্রায় ৪০ বছর আগে মোহাম্মদ আলীর পরিবারের কাছ থেকে ৩৫ শতাংশ জমি কেনার পর থেকে তাঁরা ভোগদখলে আছেন। নিজেদের জমিতে ঘর নির্মাণ করায় প্রতিপক্ষের লোকজন এসে ঘরটি ভেঙে দেয় এবং বাধা দিলে হামলা চালায়।

অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আলী বলেন, ‘জমিটি আমাদের। অন্য পক্ষ অবৈধভাবে জমি দখল করে জনচলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করেছে। সালিসে সমাধান না হওয়ায় ঘরটি সরাতে গেলে তাঁরাই হামলা চালান।’

এদিকে রাস্তা বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী স্থানীয় বাসিন্দা বাবুল (৭০) বলেন, এত দিন তিনি এই রাস্তা দিয়েই চলাচল করতেন। রাস্তা বন্ধ হওয়ায় এখন তাঁকে ঘুরে যেতে হচ্ছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত