
টানা কয়েক দিনের ভারী বর্ষণে মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকার মরিচখেত পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। অনেক খেতে গোড়া পচে গাছ মারা যাচ্ছে, কোথাও আবার ফলনযোগ্য গাছ নষ্ট হয়ে পড়ে আছে। এতে খেত থেকে মরিচের সরবরাহ কমে যাওয়ায় জেলার বাজারগুলোয় কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। একদিকে কৃষকের মাথায় হাত, অন্যদিকে বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মানিকগঞ্জ জেলায় ৩ হাজার ৮২৫ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় প্রায় ৪২ হাজার ৮০২ টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় নিচু এলাকার মরিচখেত পানিতে ডুবে যাওয়ায় সেই লক্ষ্যমাত্রা এখন হুমকির মুখে পড়েছে।
আজ সোমবার জেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সপ্তাহখানেক আগেও যে কাঁচা মরিচ ৮০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেটি এখন ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মানিকগঞ্জের বানিয়াজুরী এলাকার শিক্ষক মো. রুহুল আমীন বলেন, প্রায় সব পণ্যের দামই বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম একেবারে অস্বাভাবিক। দুই দিন আগেও ১০০ টাকা কেজি ছিল, এখন ২০০ টাকা।
ঘিওর উপজেলার গাংডুবী গ্রামের মরিচচাষি মনোরঞ্জন সরকার বলেন, ‘দুই বিঘা জমিতে মরিচ লাগিয়েছিলাম। ফলনও ভালো ছিল। কিন্তু বৃষ্টির পানিতে পুরো খেত নষ্ট হয়ে গেছে। পেঁয়াজে আগেই লোকসান হয়েছে, এখন মরিচেও সর্বনাশ।’
মনোরঞ্জন অভিযোগ করে বলেন, ‘কৃষি কর্মকর্তাদের ফোন দিলেও অনেক সময় পাই না। এভাবে ক্ষতি হলে মরিচ চাষ ছেড়ে অন্য ফসলের দিকে যেতে হবে।’
বালিয়াখোড়া গ্রামের কৃষক আব্দুল মজিদ জানান, প্রায় দেড় বিঘা জমিতে মরিচের আবাদ করেছিলেন তিনি। জমি প্রস্তুত, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে লক্ষাধিক টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে খেতে পানি জমে গাছের গোড়া পচে গেছে।
শিবালয় উপজেলার বুতুনী এলাকার কৃষক আলাউদ্দিন বলেন, ‘ঋণ করে এক বিঘা জমিতে ৭০ হাজার টাকা খরচ করেছি। গাছে প্রচুর মরিচ ধরেছিল। কিন্তু টানা বৃষ্টিতে পানি জমে সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এখন ঋণের টাকা কীভাবে শোধ করব, সেটাই বড় চিন্তা।’
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের সবজি বিক্রেতা মো. বাবুল বলেন, মাঠ থেকে মরিচ ও সবজি কম আসছে। পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে। তাই বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে, অতিবৃষ্টিতে জেলায় ২২২ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৪ হাজার ৮৮৫ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিকভাবে আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা। মরিচের পাশাপাশি বেগুন, লাউ, ধুন্দুল, পটোল, পেঁপে, আমনের বীজতলা ও অন্যান্য মৌসুমি সবজিও ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।
মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাজাহান সিরাজ বলেন, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় মরিচ ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সহায়তার জন্য তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের। কৃষি কর্মকর্তাদের ফোন না ধরার অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৬ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৬ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৬ ঘণ্টা আগে