Ajker Patrika

মাগুরায় স্কুলে তালা দিয়ে লিফলেট সাঁটানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরায় স্কুলে তালা দিয়ে লিফলেট সাঁটানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
ছবি: আজকের পত্রিকা

মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিদ্যালয়ের দরজা-জানালায় বিভিন্ন রঙের আটটি লিফলেট সাঁটিয়ে দেওয়া হয়েছে। এসব লিফলেটে উপজেলা ছাত্রলীগের নাম ব্যবহার করে ‘লকডাউন সফল হোক’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

স্থানীয়দের ধারণা, গত বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। পরে রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লিফলেটগুলো অপসারণ করেন এবং ফটকের তালা খুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী মৃধা বলেন, ‘শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ ছিল। নাইটগার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পারি। বিদ্যালয়ে এসে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলতে এবং দরজা-জানালায় রঙিন কাগজ সাঁটানো দেখতে পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।’

বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহিদুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত