Ajker Patrika

যে হোটেলের দুয়ার খোলে হাতে লেখা চিঠির আবেদনে

ফিচার ডেস্ক
যে হোটেলের দুয়ার খোলে হাতে লেখা চিঠির আবেদনে
চিঠি লিখে বুকিংয়ের জন্য আবেদন করতে হয় স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের হোটেল এল এলিভেদরে। ছবি: সংগৃহীত

এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগ। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ছুটির দিনের নিখুঁত ভ্রমণ পরিকল্পনা—সবই এক ক্লিকে সাজিয়ে দিচ্ছে এআই। কোনো হোটেলে থাকতে চাইলে স্মার্টফোনের স্ক্রিনে কয়েকটা ট্যাপ করলেই বুকিং কনফার্ম। কিন্তু যান্ত্রিক এই দ্রুততার ভিড়ে যদি এমন কোনো জায়গা থাকে, যেখানে যেতে হলে আপনাকে নিয়ম করে টেবিলে বসতে হবে, হাতে তুলে নিতে হবে কলম আর লিখতে হবে একটি চিঠি? ঠিক এমনই এক অদ্ভুত আর কাব্যিক নিয়মের প্রচলন করেছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের একটি হোটেল এল এলিভেদর।

অপেক্ষার প্রহর আর হারিয়ে যাওয়া চিঠির রোমাঞ্চ

এটি কোনো সাধারণ ডিজিটাল ডিটক্স রিসোর্ট নয় যে অনলাইনে বুক করে সেখানে গিয়ে মোবাইল ফোন বন্ধ রাখবেন। এখানে যাওয়ার শুরুটাই হয় ডিজিটাল দুনিয়াকে বিদায় জানানোর মধ্য দিয়ে। এল এলিভেদরে বুকিংয়ের একমাত্র উপায় হলো তাদের ঠিকানায় হাতে লেখা একটি চিঠি পাঠানো। খামে ভরা সেই চিঠিতে আপনাকে জানাতে হবে, ঠিক কিসের টানে আপনি সেখানে যেতে চান এবং সেখানে গিয়ে আপনি কী খুঁজছেন। এরপর শুরু হবে অপেক্ষার প্রহর। কোনো ইনস্ট্যান্ট ই-মেইল বা মেসেজ নয়, কয়েক সপ্তাহ পর আপনার ঠিকানায় পৌঁছাবে হোটেল কর্তৃপক্ষের হাতে লেখা একটি ফিরতি চিঠি। সেই চিঠিতে থাকা একটি গোপন লিংকের মাধ্যমেই শুধু আপনার যাওয়ার তারিখ চূড়ান্ত করতে পারবেন। পুরো প্রক্রিয়ায় এটিই একমাত্র ডিজিটাল ছোঁয়া। এই পদ্ধতি শুধু আধুনিক যুগের অস্থিরতাকে চ্যালেঞ্জই করছে না, বরং চিঠি লেখার মতো একটি হারিয়ে যাওয়া রোমান্টিক শিল্পকেও সযত্নে বাঁচিয়ে রেখেছে।

মাত্র ৬০ বর্গমিটারের উন্মুক্ত নকশার এই হোটেলে একসঙ্গে শুধু দুজন অতিথি থাকতে পারেন। ছবি: সংগৃহীত
মাত্র ৬০ বর্গমিটারের উন্মুক্ত নকশার এই হোটেলে একসঙ্গে শুধু দুজন অতিথি থাকতে পারেন। ছবি: সংগৃহীত

ভিনগ্রহের মতো প্রকৃতি আর এক অদ্ভুত ইতিহাস

আফ্রিকার উপকূলে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের পশ্চিমের দ্বীপ এল হিয়েরো। এখানকার আগ্নেয়গিরির রুক্ষ পাহাড়ের চূড়ায়, অফুরন্ত আটলান্টিক মহাসাগরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এল এলিভেদর। ১৫ হাজার বছরের পুরোনো লাভা জমে তৈরি হওয়া চারপাশের লালচে পাথুরে প্রকৃতি দেখলে মনে হবে, আপনি যেন পৃথিবীর বাইরের কোনো গ্রহে এসে পড়েছেন। এই ভবনের ইতিহাসও দারুণ। ১৯৬০-এর দশকে স্থানীয় এক বাসিন্দা হুয়ান কাসানাস সমুদ্রপৃষ্ঠের ঝরনা থেকে পাহাড়ের ওপরের এক জেলেপল্লিতে পানি তোলার জন্য এই পাম্পিং স্টেশন তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে স্থপতি আলেহান্দ্রো বিউটেলের নিপুণ ছোঁয়ায় সেই পুরোনো কংক্রিট আর স্টিলের কাঠামোই আজ রূপ নিয়েছে এক অত্যাধুনিক, ছিমছাম আশ্রয়ে।

সময় কাটানোর জন্য আধুনিক গ্যাজেটের বদলে টেবিলে রাখা আছে ১৯৩০-এর দশকের একটি রেমিংটন টাইপরাইটার। সঙ্গে আছে হাতে তৈরি জাপানি কাগজ। ছবি: সংগৃহীত
সময় কাটানোর জন্য আধুনিক গ্যাজেটের বদলে টেবিলে রাখা আছে ১৯৩০-এর দশকের একটি রেমিংটন টাইপরাইটার। সঙ্গে আছে হাতে তৈরি জাপানি কাগজ। ছবি: সংগৃহীত

যান্ত্রিকতামুক্ত এক অভিজাত আশ্রয়

মাত্র ৬০ বর্গমিটারের উন্মুক্ত নকশার এই হোটেলে একসঙ্গে শুধু দুজন অতিথি থাকতে পারেন। ছাদগুলো প্রায় ছয় মিটার উঁচু, আর একদিকের দেয়ালজুড়ে থাকা বিশাল কাচের জানালা দিয়ে সরাসরি আটলান্টিকের নীল জলরাশি দেখা যায়। চমকপ্রদ বিষয় হলো এর বাথরুম, যা আগে একটি ট্রান্সফরমার টাওয়ার ছিল। কংক্রিটে মোড়ানো ছয় মিটার উঁচু এই ঘরে ওপরের পাইপ থেকে ঝরনার মতো পানি ঝরে। এখানে কোনো ওয়াই-ফাই নেই, নেই টিভি বা মোবাইলের নেটওয়ার্ক। তবে আভিজাত্যের কোনো কমতি নেই। ঘরে রয়েছে ফরাসি মউভিয়েল তৈজসপত্র, বাসোলসের আরামদায়ক লিনেনের বিছানা এবং জোসেফিনেনহুটের গ্লাস। ফ্রিজে আগে থেকে সাজানো থাকে স্থানীয় পনির, তাজা রুটি, কফি, দুধ, ওয়াইন আর এল হিয়েরোর ঐতিহ্যবাহী খাবার কেসাডিয়া। সময় কাটানোর জন্য আধুনিক গ্যাজেটের বদলে টেবিলে রাখা আছে ১৯৩০-এর দশকের একটি রেমিংটন টাইপরাইটার। সঙ্গে আছে হাতে তৈরি জাপানি কাগজ। আছে ফিল্ম ভরানো একটি পুরোনো ভিনটেজ হ্যাসেলব্লাড ক্যামেরা।

যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে, নিস্তব্ধতার গান শোনার জন্য এল এলিভেদর এক আদর্শ জায়গা। এটি যেন মনে করিয়ে দেয়, সত্যিকারের আভিজাত্য মানেই সব সময় বড় জায়গা বা অনেক সুবিধা নয়। কখনো কখনো এর শুরুটা হয় নিজের জন্য একটু সময় বের করে হাতে একটি কলম তুলে নেওয়ার মধ্য দিয়ে।

চিঠি পাঠানোর ঠিকানা

প্রাপক: এল এলিভেদর

পোস্ট বক্স: আপারতাদো দে কোরেওস ১৪

এলাকা ও দ্বীপ: ৩৮৯০০ ভিয়া দে ভালভের্দে, এল ইয়েরো

দ্বীপপুঞ্জ: ইসলাস কানারিয়াস

দেশ: এস্পানিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত