মাগুরায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

মাগুরার শালিখায় আনিসুর রহমান শিকদার নামের এক ছাত্রলীগ নেতাকে নড়াইল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটক আনিসুর রহমান শিকদার শালিখা উপজেলার উজগ্রামের রফি শিকদারের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলার তালখড়ি ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট এবং লাইভে এসে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাঁকে আটক করা হয়। শালিখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ মৃধা ও তালখড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী এ অভিযান চালান। পরে নড়াইল থেকে তাঁকে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় নিয়ে এসে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ছাত্রদল নেতা ফিরোজ মৃধা বলেন, আনিসুর রহমান শিকদার বেশ কিছুদিন ধরে ফেসবুকে ছাত্রদল, বিএনপি ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করে আসছিলেন। এ কারণে আজ প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে নড়াইল শহরের সদর হাসপাতালের সামনে থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় ব্যস্ত থাকার কথা জানান। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানান তিনি।









