প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে বিএনপির আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন লালমনিরহাট সফরকে ঘিরে জেলার প্রত্যন্ত অঞ্চলে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ শুক্রবার সন্ধ্যায় জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ও কালীগঞ্জ উপজেলার চাপারহাটে এসব আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে প্রথমে ভেলাবাড়ি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি। পরে কালীগঞ্জ উপজেলার চাপারহাটেও আনন্দ মিছিল করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাট সফর করবেন তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন গ্রাম ও শহরে আনন্দ মিছিল করছেন দলটির নেতা-কর্মীরা।
আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন লালমনিরহাটের মানুষ। প্রিয় নেতার আগমন ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হবে।
এর আগে আজ বিকেলে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাংকারচওড়া মাঠে সাংকারচওড়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
রোকন উদ্দিন বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে বিকশিত করে। একই সঙ্গে ক্রীড়াচর্চা মানুষকে বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। তাই বিএনপি সরকার ক্রীড়ার উন্নয়নে প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম এবং উপজেলা পর্যায়ে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেছে। আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতেও বর্তমান সরকার কাজ করছে।
খেলার মাঠে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া ও ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর করবেন। সফরকালে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়া লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলের হাট মডেল খাল ও দুর্যোগ সহনীয় ঘরের উদ্বোধন করবেন। পরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।









