আট জেলায় ৩০ মডেল খাল চিহ্নিত, মিলবে বহুমুখী সুবিধা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, এ বছর দেশের ৮ জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে, যা বহুমাত্রিক কাজে ব্যবহার করা হবে।
আজ বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘খালটিকে মডেল খাল বলছি এই কারণে যে, আমরা যেসব খাল বাংলাদেশে খনন করি, সেগুলো শুধু পানি ধরে রাখা ও পানি নিষ্কাশন করার জন্য। কিন্তু মডেল খালটি বহুমাত্রিক কাজে ব্যবহার করা হবে।’
ত্রাণমন্ত্রী বলেন, ‘এখানে আমরা খালের দুই ধারে গাছ লাগাব। এখানে কৃষকেরা হাঁস পালন করবেন, মাছ চাষ করবেন এবং এখানে কুটির শিল্প গড়ে তোলা হবে। সে জন্য আমরা এটিকে মডেল বলেছি এবং এই এলাকায় যাঁরা হতদরিদ্র রয়েছেন, তাঁদের সমবায়ভিত্তিক গ্রুপ করে দেব। এখানে উপকারভোগীদের আমরা চিহ্নিত করছি, তাঁদের প্রশিক্ষণ করাব। তাঁরা যাতে মাছ চাষে উদ্বুদ্ধ হন, হাঁস পালনে উদ্বুদ্ধ হন, সেই ব্যবস্থা করা হবে।’
ত্রাণমন্ত্রী আরও বলেন, ‘মাছে-ভাতে বাঙালির পূর্ণ রূপ দেওয়ার জন্য খালটিকে মডেল খাল নাম দিয়েছি। আমাদের কাজ চলছে, আগামী ১৯ তারিখের আগেই আমরা সমস্ত কাজ সম্পন্ন করতে পারব।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ।









