
লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিপক্ষের হামলায় নুরুল আমিন (৫০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার তোরাবগঞ্জের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নুরুল আমিন ইউনিয়ন বিএনপির সদস্য।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত সেলিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে রাতে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরুল আমিনের সঙ্গে প্রতিবেশী সেলিম উদ্দিনের টাকাপয়সার লেনদেন ছিল। এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হতো। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনে চা-দোকানের দিকে আসছিলেন নুরুল আমিন। এ সময় সেলিম উদ্দিনের নেতৃত্বে ৮-১০ জন যুবক তাঁর ওপর হামলা চালান। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। তাতে নুরুল আমিনসহ অন্তত ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন বলেন, নুরুল আমিন তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেলিমের সঙ্গে কিছু টাকাপয়সা লেনদেনকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মারামারির ঘটনায় প্রধান অভিযুক্ত সেলিম উদ্দিনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতির পাশাপাশি জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গোডাউনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকার শরীয়তপুর-মাদারীপুর সড়ক থেকে তাঁদের আটক করে পালং মডেল থানা-পুলিশ। আটককৃত সালাম মাদবর (৪২) ও কালু সরদার (৪৫) মাদারীপুর জেলার বাসিন্দা।
৯ মিনিট আগে
সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরে ডান চোখ হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি আর ফেরার সম্ভাবনা নেই। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে