
চট্টগ্রামের আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
এর আগে খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এস ইউ এম নুরুল ইসলাম বলেছেন, আসামি চিন্ময় দাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় এবং অন্য আসামিদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯ এবং ৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠন করেছে আদালত। এ মামলার অভিযোগপত্রে নাম থাকা ৩৯ জন আসামির মধ্যে ১৬ জন এখনো পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের শুনানিতে চিন্ময়কে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
আইনজীবী না থাকায় আরেক আসামি রাজীব ভট্টাচার্য্য নিজের পক্ষে আদালতে বক্তব্য দেন। উপস্থিত বাকি ২১ আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
পলাতক অন্য ১৬ আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত একজন আইনজীবী থাকলেও তিনি অভিযোগ গঠনের বিরোধিতা করেননি।
মামলার বাদী ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ ১৪ মাস পর মামলার অভিযোগ গঠন হওয়ায় আমি খুশি। সারা বিশ্বের মানুষ এ মামলার বিচার দেখার অপেক্ষায় আছে। সাক্ষীরা যাতে নিরাপদে সাক্ষী দিতে পারে এই আশা করি।’
এর আগে গত ১৪ জানুয়ারি ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির আদেশ আজ সোমবার তারিখ নির্ধারণ করেছিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। পরে তাঁকে ২৬ নভেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামি চিন্ময়কে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন ঘণ্টা গাড়ি আটকে রেখে অবরোধ করেন চিন্ময়ের অনুসারীরা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ আদালত এলাকার আশপাশে ছড়িয়ে পড়ে। ওই দিন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে ৩০ নভেম্বর এজাহারনামীয় ৩১ জনের নামে ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আইনজীবী আলিফের বাবা মো. জামাল উদ্দিন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন আট প্রার্থী। এর মধ্যে পাঁচজনই তাঁদের জামানতের টাকা হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে ১ লাখ ৩৯ হাজার ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার।
৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জাতীয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহিম সাকি জয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
২৭ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পাওয়া ফলাফলে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সব আসনের ফলাফলে পোস্টাল ব্যালটের ফলও যুক্ত করা হয়েছে।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
১ ঘণ্টা আগে