Ajker Patrika

লোডশেডিং নিয়ে অসন্তোষ, কুষ্টিয়ায় বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 
লোডশেডিং নিয়ে অসন্তোষ, কুষ্টিয়ায় বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে ব্যাপক লোডশেডিং এবং এ নিয়ে জনমনে অসন্তোষের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

এ বিষয়ে মঙ্গলবার (১১ আগস্ট) কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১, কুষ্টিয়া। চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

ওজোপাডিকোর কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে সারা দেশের মতো কুষ্টিয়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন এলাকাতেও ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে। এতে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ।

পুলিশ সুপারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সংকটময় পরিস্থিতিতে কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনায় নাশকতার আশঙ্কা রয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ও পুলিশি নজরদারি জোরদার করা প্রয়োজন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘বুধবার সকালে আমি চিঠিটি দেখেছি। বিষয়টি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সব স্থাপনায় নিরাপত্তার স্বার্থে পুলিশ নিয়মিত নজরদারি করে। পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা বিভাগকেও বিদ্যুৎ বিভাগের স্থাপনাগুলোতে নজর রাখতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সুপার ঢাকায় ছিলেন। বৃহস্পতিবার তিনি অফিসে এলে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে চলমান লোডশেডিং পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা নিয়ে বিদ্যুৎ বিভাগের এ উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত