Ajker Patrika

নুসরাত এমপি হওয়ায় এলাকাবাসীর উচ্ছ্বাস

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
নুসরাত এমপি হওয়ায় এলাকাবাসীর উচ্ছ্বাস
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের তরুণী নুসরাত তাবাসসুম জ্যোতি। মাত্র ২৬ বছর বয়সে জাতীয় সংসদের সদস্য হন তিনি। নুসরাত সংসদ সদস্য হওয়ায় এলাকায় বইছে আনন্দ।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম টমের একমাত্র মেয়ে নুসরাত। তাঁর এই অর্জনে খুশি পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

নুসরাতের শিক্ষক ও কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, ‘ছোটবেলা থেকেই সে মেধাবী ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ছিল। তার এই অর্জনে আমরা গর্বিত। আমরা দোয়া করি, সে দেশের মঙ্গলে নিজেকে নিয়োজিত রাখুক।’

নুসরাতের নানি আছিয়া বেগম পারুল বলেন, ‘আমার নাতনি এমপি হয়েছে, এতে আমরা খুব খুশি। আমি দোয়া করি, সে যেন তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে।’

নানা আব্দুল জলিল আপ্লুত কণ্ঠে বলেন, ‘ছোটবেলা থেকেই নুসরাত প্রতিবাদী ছিল। আন্দোলনের সময় তাকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল, তখন আমরা খুব চিন্তিত ছিলাম। এখন সে দেশের মানুষের জন্য কাজ করবে, এটাই আমাদের আশা।’

স্থানীয় ব্যবসায়ী শামিম রেজা বলেন, ‘নুসরাত আমাদের এলাকার গর্ব। আমরা চাই, সে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নে কাজ করুক।’

শিক্ষাজীবনে নুসরাত শুরু থেকেই ছিলেন মেধাবী ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়। বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক এবং বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। পরে ড. ফজলুল হক গার্লস ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।

২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে তাঁর আন্দোলনজীবনের সূচনা। পরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে যুক্ত হয়ে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। আবরার ফাহাদ হত্যার বিচারসহ বিভিন্ন ইস্যুতে রাজপথে সরব উপস্থিতি ছিল তাঁর।

২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক এবং ২০২৩ সালে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকার মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পান তিনি। আন্দোলনের সময় নারীদের সংগঠিত করা, হামলার মুখে মানবঢাল হয়ে দাঁড়ানো এবং নির্যাতনের পরও পিছু না হটার কারণে প্রশংসিত হন নুসরাত।

জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় অংশ নেন। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করলে নুসরাত তাবাসসুম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হন। পরে ২০২৬ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে গঠিত এনসিপির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠকের দায়িত্ব পান।

২০২৬ সালের এপ্রিলে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে মনোনয়ন পান নুসরাত। নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচন কমিশন প্রথমে তাঁর প্রার্থিতা বাতিল করে। পরে হাইকোর্টের নির্দেশে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সর্বশেষ ৫ মে নির্বাচন কমিশন তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

এরপর আজ বুধবার (৬ মে) দুপুরে শপথ নেন তিনি। এমপি নির্বাচিত হওয়ার পর নুসরাত তাবাসসুম জ্যোতি গণমাধ্যমকে বলেন, ‘কনিষ্ঠ নারী সংসদ সদস্য হিসেবে কিছুটা নার্ভাস লাগছে। বোর্ড পরীক্ষার মতো অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে বড় একটি দায়িত্ব কাঁধে নিয়েছি। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে কংগ্রেস, পেতে পারে ২ মন্ত্রিত্ব

লন্ডনে পাপনের আইসক্রিম খাওয়ার ছবি ভাইরাল

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

‘মোদির অনুরোধে অমিত শাহকে বাঁচান শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’

সঙ্গী করে ক্ষমতায় আরোহণ, সেই বিজেপির হাতেই পতন হয়েছে যে ৬ মুখ্যমন্ত্রীর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত