
জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ নিয়ে শৃঙ্খলা বজায় রাখতে ফিলিং স্টেশনগুলো থেকে বিভিন্ন পরিবহনে জ্বালানি তেল সরবরাহে সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। কিন্তু কৃষকদের জমিতে সেচকাজ এবং নৌযান চলাচলে ব্যবহৃত শ্যালো ইঞ্জিনে জ্বালানি হিসেবে ডিজেল সরবরাহে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় জারিকেন ও ড্রামে তেল বিক্রি বন্ধ রেখেছে কুড়িগ্রামের ফিলিং স্টেশনগুলো। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক ও নৌযানসংশ্লিষ্টরা। কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ফিলিং স্টেশনগুলো জারিকেন কিংবা ড্রামে তেল সরবরাহ বন্ধ রাখায় বিপাকে পড়েছেন কৃষকেরা। বোরোর ভরা মৌসুমে সেচ মেশিনের জ্বালানি ‘সংকট’ সৃষ্টি হওয়ায় কৃষিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে ঈদযাত্রায় নৌপথে যাতায়াতে সংকট সৃষ্টির আশঙ্কা রয়েছে।
বিপিসির নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার এবং প্রাইভেট কার সর্বোচ্চ ১০ লিটার অকটেন বা পেট্রল নিতে পারবে। জিপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে প্রতি ট্রিপে ২০-২৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রল নেওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া মিনিবাস ও লোকাল বাস ৭০-৮০ লিটার পর্যন্ত ডিজেল নিতে পারবে। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনার ট্রাকের জন্য প্রতি ট্রিপে ১০০-১২০ লিটার পর্যন্ত ডিজেল সরবরাহ করা যাবে। কিন্তু বিপিসির এ নির্দেশনায় কৃষি ও নৌযানের ডিজেলচালিত শ্যালো ইঞ্জিনে জ্বালানি সরবরাহে স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় জারিকেন ও ড্রামে তেল বিক্রি বন্ধ রেখেছে ফিলিং স্টেশনগুলো।
জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বড়াইটারি গ্রামের কৃষক শরিফুল জানান, তাঁর জমিতে সেচ দেওয়া প্রয়োজন। গ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় এলাকার বেশির ভাগ কৃষক শ্যালো ইঞ্জিন দিয়ে সেচপাম্প চালান। শনিবার সকালে স্থানীয় একটি ফিলিং স্টেশনে জারিকেনে করে ডিজেল নিতে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। তিনি তেল না পেয়ে ফিরে যান।
শনিবার দুপুরে নাগেশ্বরীর রায়গঞ্জের একটি ফিলিং স্টেশনে জারিকেনে করে ডিজেল নিতে গিয়ে তেল ছাড়াই ফিরে আসেন আরেক কৃষক ষাটোর্ধ্ব চান মিয়া। চান মিয়া বলেন, ‘হামরা এলা তেল কোটেই পামো। তেল ছাড়া পানি দেওয়ার বুদ্ধি নাই। টানের (খরা) দিন। এ সময় ধানত (ধানের জমিতে) পানি না দিলে আবাদ হবার নয়। না খায়া মরা লাগবে।’
শুধু ভূরুঙ্গামারী কিংবা নাগেশ্বরী নয়, জেলার সব প্রান্তেই একই সমস্যার মুখোমুখি হচ্ছেন কৃষকেরা। শুধু কৃষি খাতের সেচ নিয়ে নয়, জেলার বিশাল এলাকাজুড়ে বিস্তৃত নৌপথেও শ্যালো ইঞ্জিনের জ্বালানি সরবরাহ নিয়ে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
সংকটের কথা স্বীকার করে জেলা ফুয়েল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামান আহমেদ বলেন, ‘ফিলিং স্টেশনগুলোতে রেশনিং করে জ্বালানি তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আবার বিপিসি থেকে জ্বালানি তেল সরবরাহের যে নির্দেশনা দেওয়া হয়েছে, তাতে জারিকেন বা ড্রামে তেল বিক্রি করার সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। ফলে ফিলিং স্টেশনগুলো ড্রাম ও জারিকেনে তেল বিক্রি বন্ধ রেখেছে। কৃষকেরা জারিকেনে ডিজেল নিতে এসে ফিরে যাচ্ছেন। সরকারি নির্দেশনা পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ সময় বোরো ধানের চারাগাছের শিকড় ভেজা থাকা জরুরি। সেচের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। জ্বালানি সরবরাহে সাময়িক সমস্যার বিষয়টি নিয়ে আমরা স্থানীয় প্রশাসনের পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগের চেষ্টা করছি।’
কুড়িগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা বলেন, ‘জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে কৃষকেরা জ্বালানি তেল প্রাপ্তিতে অগ্রাধিকার পান। সে অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে তাঁরা নির্দেশনা দেবেন।’

স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ট্রেনে উঠে পড়ে দশ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এরপর আর তার বাড়ি ফেরা হয়নি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন স্বজনেরা।
১৬ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শালবনের গভীরে গড়ে ওঠা একটি অবৈধ সিসা তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগ। অভিযানে প্রায় ১৫ শতাংশ বনভূমি দখলমুক্ত করা হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের কালার বাজার এলাকার শালবনের ভেতরে এই যৌথ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে
দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত–২) মো. মোতাহার হোসেনের আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
মোহনপুরে জামায়াত কর্মী মো. আলাউদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ সোমবার নগরীর সাহেববাজার এলাকায় এ বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে