Ajker Patrika

কিশোরগঞ্জ-৬ আসনে ১ লাখ ভোটের ব্যবধানে ধানের শীষের শরীফুল আলমের ভূমিধস জয়

ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ৩৩
কিশোরগঞ্জ-৬ আসনে ১ লাখ ভোটের ব্যবধানে ধানের শীষের শরীফুল আলমের ভূমিধস জয়
শরীফুল আলম।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের ১৪২টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মো. শরীফুল আলম ১ লাখ ৮৫ হাজার ৮৯৮ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট-সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট। ফলে মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ৩৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। সারা দিন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভৈরব ও কুলিয়ারচরের মোট ১৪২টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থা ছিল। ভৈরব উপজেলার মনোহরপুর সেরবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের ফলাফল দেরি হওয়ায় ভোটের পর রাত সাড়ে ৭টায় বিজিবির গাড়িবহরে উত্তেজিত জনতার ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বেসরকারি ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিজয়ী প্রার্থীর সমর্থকেরা বিভিন্ন স্থানে মিছিল ও আনন্দ-উল্লাস করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, এই আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ১ লাখ ৮৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী ভোট পান ৪২ হাজার ৫২৫টি। এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।

উল্লেখ্য, ভৈরব ও কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ (আসন নম্বর ১৬৭) সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৭ হাজার। এর মধ্যে প্রবাসী ভোটার রয়েছেন ৪১ হাজার ৮১৪ জন।

এই আসনে মোট ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভা রয়েছে। ভৈরব উপজেলায় রয়েছে সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কুলিয়ারচর উপজেলায় রয়েছে ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা।

ভৈরব উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৮ হাজার ১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন ও নারী ভোটার ১ লাখ ২৩ হাজার ৭৯৩ জন।

অন্যদিকে কুলিয়ারচর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৮ হাজার ৮৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ৫৭৩ ও নারী ভোটার ৮৩ হাজার ২৮৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত