খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মহানগরীতে ২১ জন এবং জেলায় ৪০ জন। আজ শনিবার সকালে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশ এ তথ্য জানায়।
কেএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পুলিশের আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালায়। এসব অভিযানে পাঁচটি মোটরসাইকেল আটক এবং বিভিন্ন মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে মহানগরীর যেকোনো অপরাধ ও অপরাধী সম্পর্কে নিকটস্থ পুলিশকে তথ্য দিয়ে অপরাধ দমনে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৬৮টি যানবাহন তল্লাশি করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় একটি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং পাঁচটি যানবাহন আটক করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।









