খুলনায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি

খুলনা নগরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ির ফটক লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেজাউল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই রাতে নগরের ব্যস্ততম শিববাড়ি মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাত ৮টার দিকে খানজাহান আলী থানার যোগীপোল এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী জিয়া ফকিরের বাড়িতে গুলির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জিয়া ফকিরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা। দাবি করা টাকা না পেয়ে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি বাড়ির ফটক লক্ষ্য করে কয়েকটি গুলি চালিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খানজাহান আলী থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেজাউল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে সন্ধ্যার পর নগরের শিববাড়ি মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পর বিএনপি ও এনসিপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এলেও কাউকে পাননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।









