চাঁদা না পেয়ে খুলনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিলে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। কিন্তু দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান মিলের মালিকপক্ষ। এর জেরে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে শ্রমিক-কর্মচারীরা ঘুমিয়ে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
একই এলাকার হঠাৎ বাজারের পাশে অবস্থিত শামসুর রহমানের চানাচুর কারখানাটিও ওই সন্ত্রাসী বাহিনীর চাঁদা দাবির শিকার হয়। দীর্ঘদিন ধরে কারখানার মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল তারা। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে ওই বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি চালানোর পরপরই তারা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। ঘটনার তদন্ত চলছে। দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।











