Ajker Patrika

নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২১: ৫৭
নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন নুসরাত তাবাসসুম। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনায় শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ। আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান সংশ্লিষ্ট পল্লী বিদ্যুতের এজিএম তোজাম্মেল হক।

প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম তোজাম্মেল হক জানান, ঘটনাস্থলে গিয়ে মিটার, তার ও মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পর্যবেক্ষণ করা হয়েছে। কাটআউট অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও অক্ষত রয়েছে। তাই শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সুযোগ নেই। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

তবে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। বাড়িটির বৈদ্যুতিক তার পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি। তবে অধিকতর তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে আজ সংবাদ সম্মেলনে এমপি নুসরাত তাবাসসুম জানান, পল্লী বিদ্যুতের এজিএম গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনায় শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। এ বক্তব্যের কারণে ওই কর্মকর্তার চাকরির কোনো ক্ষতি হলে তিনি নিজেকে দায়ী মনে করবেন বলে উদ্বেগ প্রকাশ করেন।

নুসরাত বলেন, ‘সত্য কথা বলতে এখন আমি ভয় পাচ্ছি। তাঁর এই কথার কারণে এজিএম সাহেবের চাকরির কোনো ক্ষতি হয়ে গেলে তার জন্য আমি দায়ী হয়ে যাব।’

এর আগে, গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা এবং দৌলতপুর উপজেলা নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত