খুলনা নগরীতে দুই তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর টুটপাড়া এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে।
আহত দুজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আহত দুজন হলেন পূর্ব বানিয়াখামার এলাকার আনিসুর রহমানের ছেলে মো. ইয়াছিন (১৮) ও একই এলাকার আফজাল হোসেনের ছেলে মিনারুল (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ফুটবল খেলতে টুটপাড়া ফরিদমোল্লার মোড় থেকে পাশের বালুর মাঠে যান ইয়াছিন ও মিনারুল। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর অর্তর্কিত হামলা চালান। এতে মিনারুলের দুই পা ও ইয়াছিনের বাঁ হাত জখম হয়। হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত দুজনকে খুমেক হাসপাতালে নেওয়া হয়।
খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) তাঞ্জিত উল্লাহ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে খুমেক হাসপাতালে গিয়ে আহত তরুণদের খোঁজখবর নেন। তবে আহত দুজন হামলাকারীদের পরিচয় ও ঠিকানা জানেন না। তাঁদের পরিবারের সদস্যদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে।











