Ajker Patrika

বিএনপি নেতা জাকির হত্যা: এখনো হয়নি মামলা, দুই কারণ সামনে রেখে তদন্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২০: ০৮
বিএনপি নেতা জাকির হত্যা: এখনো হয়নি মামলা, দুই কারণ সামনে রেখে তদন্ত
মো. জাকির হোসেন। ছবি: সংগৃহীত

খুলনার রূপসা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যার ঘটনায় ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও থানায় মামলা করেনি তাঁর পরিবার। এ হত্যাকাণ্ডের পেছনে দুটি সম্ভাব্য কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসার স্বল্পবাহিরদিয়া গ্রামের হিরকের দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাকির স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকিরের মাথা লক্ষ্য করে গুলি করে। গুলির পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ থানায় মামলা করতে আসেননি। এ ঘটনায় সন্দেহভাজন কাউকেও আটক করা যায়নি।

খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, দুটি বিষয় সামনে রেখে তদন্ত চলছে। জাকির হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ কারণে তাঁর প্রতিপক্ষরা ক্ষুব্ধ ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

এদিকে আজ বাদ আসর উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকির হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি উত্তর খাজাডাঙ্গায় নেওয়া হয়। সেখানে স্বজন, প্রতিবেশী ও রাজনৈতিক নেতা-কর্মীরা তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্যা খায়রুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। জানাজা পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. ইয়াকুব আলী। পরে উত্তর খাজাডাঙ্গায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত