ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝেই হামের আক্রমণ, হার মানলেন হুমায়ূন

বাঁচার বড় ইচ্ছে ছিল হুমায়ূনের (২২)। ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াবেন, পরিবার ও সমাজের জন্য কাজ করবেন। তাইতো ক্যানসারের দীর্ঘ ও বেদনাদায়ক চিকিৎসার মাঝেও চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের এই শিক্ষার্থী। অকৃতকার্য হলেও ভেঙে না পড়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছিলেন।
গত বছর এইচএসসি পরীক্ষার আগে ব্লাড ক্যানসার শনাক্ত হয় কলেজছাত্র হুমায়ূন কবিরের। দিনমজুর পরিবারটি তাদের সর্বস্ব দিয়ে সন্তানের চিকিৎসা করেন। হুমায়ূনও বেঁচে থাকার জন্য আপ্রাণ লড়েছেন। ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়েও যাচ্ছিলেন তিনি। কিন্তু চলতি মাসের শুরুতে হামে আক্রান্ত হলে গতকাল শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লেমুয়া এলাকার দিনমজুর মিলন মিয়া ও গৃহিণী হনুফা বেগমের তিন ছেলের মধ্যে জ্যেষ্ঠ হুমায়ূন কবির। তাঁর প্রাথমিক রোগনির্ণয়ের খরচ চালাতেই পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে উপজেলার কয়েকজন মানবাধিকারকর্মী ও সংবাদকর্মী তাঁর চিকিৎসার উদ্যোগ নেন। পরে মানবিক সহায়তায় তহবিল সংগ্রহ করে তাঁকে চমেক হাসপাতালের হেমাটোলজি বিভাগে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালে দীর্ঘ সময় কেমোথেরাপি নেওয়ায় পর হুমায়ূনের শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল হয়ে এসেছিল বলে জানিয়েছে পরিবার। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে ফলোআপ থেরাপি চলার মাঝেই নভেম্বরের শুরুতে বাড়িতে থাকা অবস্থায় তিনি হামে আক্রান্ত হন।

প্রাথমিকভাবে তাঁকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রচণ্ড জ্বরে অবস্থার অবনতি হলে ১৮ নভেম্বর তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
পরীক্ষা-নিরীক্ষায় তাঁর নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতা ধরা পড়ে। গত ২২ নভেম্বর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ওই রাতেই তাঁর মৃত্যু হয়।
হুমায়ূন কবিরের বাবা মিলন মিয়া বলেন, ‘আমি হতভাগা বাবা, আমার পক্ষে সন্তানের মরণব্যাধি ক্যানসারের চিকিৎসা সম্ভব ছিল না। মানবাধিকার কর্মীদের উদ্যোগে এবং সবার সহযোগিতায় ছেলের ক্যানসারের ফলোআপ থেরাপি চলছিল। কিন্তু হামে আক্রান্ত হওয়ার পর তাঁকে বাঁচাতে পারলাম না। আমি ও আমার পরিবার সবার কাছে ঋণী।’
মানবাধিকারকর্মী মো. মুছা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হতদরিদ্র পরিবারের সন্তান এবং মেধাবী শিক্ষার্থী হুমায়ূন কবির প্রায় দুই বছর ধরে মানবিক সংগঠন ও সাধারণ মানুষের অর্থ সহায়তায় চিকিৎসা চালাচ্ছিলেন। ২৪টি কেমোথেরাপির মধ্যে ৮টি সম্পন্ন হয়েছিল। একঝাঁক মানবিক যোদ্ধার নিরলস পরিশ্রমে ১০ / ১২ লাখ টাকা ব্যয়ে ক্যানসার চিকিৎসার পথ অনেকটা পেরিয়ে এসে তাঁকে কিনা হামের কাছে হার মানতে হলো। এটা মেনে নিতে আমাদেরও খুব কষ্ট হচ্ছে।’
আজ রোববার বাদ জোহর লেমুয়া মসজিদ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে হুমায়ূনকে দাফন করা হয়।
হুমায়ূন কবিরের মৃত্যুতে পরিবার, মানবিক কর্মী, সহপাঠী, শিক্ষক, রাজনীতিবিদ ও প্রশাসনের মধ্যে শোক নেমে এসেছে। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়াসহ মানবিক কর্মী, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক ব্যক্তিরা তাঁর বাড়িতে যান।








