খাগড়াছড়িতে চেঙ্গী নদীর ১৫ ফুট গভীর গর্তে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি সদরে চেঙ্গী নদীতে বালু উত্তোলনের জন্য সৃষ্টি গভীর গর্ত যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সেই গর্তেই পড়ে প্রাণ হারিয়েছে ১০ বছর বয়সী শিশু সুপন ত্রিপুরা।
নদীর প্রায় ১৫ ফুট গভীর গর্তে পড়ে তার মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে খবংপুরিয়া এলাকার বাসিন্দারা।
ঘটনা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, নদীতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনস্থলের গভীর গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়।
নিহত সুপন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার খবংপুরিয়া এলাকার বাসিন্দা সুবাস ত্রিপুরার ছেলে। সে স্থানীয় বেলতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে খবংপুরিয়া এলাকায় একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের পর নদীতে তৈরি হওয়া গভীর গর্তগুলো ভরাট না করেই ফেলে রাখা হচ্ছে। এতে নদীর ওই অংশটি স্থানীয়দের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, নদীতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনস্থলের গভীর গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়।









