Ajker Patrika

জয়পুরহাটে অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করল শিক্ষার্থীরা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করল শিক্ষার্থীরা
জয়পুরহাটে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর। ছবি: সংগৃহীত

জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে।

আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালে কয়েক শিক্ষার্থী কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলতে তাঁর কার্যালয়ে যান। এ সময় করিডরে শিক্ষকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ওই শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে চেয়ার-টেবিল, জানালার কাচ, ফুলের টবসহ বিভিন্ন আসবাব ও সামগ্রী ভাঙচুর করেন। এ সময় এক শিক্ষার্থীকে মারধর করা হয়। ঘটনাটি ধারণ করতে গেলে এক সাংবাদিককে হুমকি দিয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

কলেজ সূত্রে জানা গেছে, শনিবার টুর্নামেন্টের খেলায় উচ্চমাধ্যমিক মানবিক ও বাণিজ্যিক যৌথ শাখার সঙ্গে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গ্রুপের ম্যাচে ১-০ গোলে উচ্চমাধ্যমিক মানবিক ও বাণিজ্যিক যৌথ শাখা জয়ী হয়। অপর দিকে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী গ্রুপের খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে রসায়ন বিভাগ জয়ী হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম বলেন, কয়েক শিক্ষার্থী তাঁর সঙ্গে কথা বলতে আসেন। তিনি শিক্ষকদের সরিয়ে তাঁদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেন। এর মধ্যে ওই শিক্ষার্থীরা ঝাড়ু হাতে তাঁর কক্ষে প্রবেশ করেন। অন্য শিক্ষকেরা তাঁদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অধ্যক্ষ বলেন, ‘আমি বাইরে বের হয়ে গেলে তারা চেয়ার-টেবিল, অফিস কক্ষের কাচ ও ফুলের টবসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছিত করার মতো পরিস্থিতি তৈরি হয়।’ তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জয়পুরহাট সদর থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, খেলাধুলাকে কেন্দ্র করে কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত