Ajker Patrika

ঝালকাঠিতে ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২ জন

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২ জন
ঝালকাঠিতে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠিতে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৪৮ ঘণ্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪০ জন।

আজ বুধবার দুপুর পর্যন্ত ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ১১ জন এবং রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ২ জন। তবে নলছিটি ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ২৬ জন এবং নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন। গত ৪৮ ঘণ্টায় চিকিৎসা শেষে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে আগের ২৪ ঘণ্টায় ১৯ জন এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬ জন রোগী সুস্থ হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ঝালকাঠি জেলায় মোট ৮৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮০৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৪০ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। ভর্তি রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেলার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।’

সিভিল সার্জন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করাতে হবে এবং বাড়ির আশেপাশে পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত