রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, নলছিটিতে আটক নারী

ঝালকাঠির নলছিটিতে বসতবাড়ির রান্নাঘরের মাটির চুলার ভেতর থেকে ১৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইতি আক্তার রনজু (৩৩) নামের এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার বিকেলে নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাঙ্গুলি এলাকায় ইতি আক্তারের বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় ঘরের উত্তর পাশের রান্নাঘরের মাটির চুলার ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১৬০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ছাড়া মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, বেলা ৩টা ১০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান ও জব্দ কার্যক্রম পরিচালিত হয়। আটক ইতি আক্তার ওই এলাকার নূরে আলম হাওলাদারের মেয়ে এবং মিরাজ মাঝির স্ত্রী।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ আজকের পত্রিকাকে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









