Ajker Patrika

চুরি করতে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের হাতে আটক শ্রমিক দল নেতা, বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২৩: ১৭
চুরি করতে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের হাতে আটক শ্রমিক দল নেতা, বহিষ্কার
ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকির চুরির চেষ্টার সময় বিএনপির নেতা-কর্মীদের হাতে আটক। ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় চুরির চেষ্টার অভিযোগে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকিরসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকের খবর ছড়িয়ে পড়ার পর আলম ফকিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার মিরুখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মঠবাড়িয়া ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সড়কে পাহারা দিচ্ছিলেন। এ সময় মিরুখালী এলাকায় চুরির চেষ্টা করতে গিয়ে আলম ফকিরসহ দুজন তাঁদের হাতে আটক হন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকের পর আলম ফকির নিজের পরিচয় গোপন করে ‘কালাম ফকির’ নামে পরিচয় দেন বলে জানিয়েছে পুলিশ। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আলম ফকির এর আগেও চুরির ঘটনায় একাধিকবার আটক হয়েছিলেন এবং কারাভোগ করেছেন। আটক অপর ব্যক্তির বাড়িও ঝালকাঠি জেলায়।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে আলম ফকিরকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল। জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদ ছাড়াও দলের সাধারণ সদস্যপদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

আজ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলম ফকিরের বিরুদ্ধে আগে থেকেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব বিষয়ে তাঁকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও আচরণের পরিবর্তন হয়নি। সার্বিক বিষয় বিবেচনায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত