ঝালকাঠির সদরে নানাবাড়িতে বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেছে রেদোয়ান নামে তিন বছর বয়সী এক শিশুর। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রেদোয়ান সদর উপজেলার বেতরা গ্রামের আসাদুল ইসলাম ও রিতা দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে রেদোয়ান। দুপুর ২টার দিকে নানার বাড়ির দক্ষিণ পাশে খেলছিল সে। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০ হাত দূরে একটি ভিমরুলের বাসার কাছে গেলে একাধিক ভিমরুল তাকে হুল ফোটায়।
শিশুটির চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে যান তার নানি জোসনা বেগম। এ সময় নাতিকে উদ্ধার করতে গিয়ে তিনিও ভিমরুলের আক্রমণের শিকার হন।
পরে পরিবারের সদস্যরা রেদোয়ানকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়। বিকেলে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান (সানি) বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।’
নানাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।










