Ajker Patrika

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের
ছবি: সংগৃহীত

২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত মুনাফার অংশ হিসেবে নির্ধারিত ৫ শতাংশ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডাব্লিউপিপিএফ) ও ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ডের (ডাব্লিউডাব্লিউএফ) বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। একই সঙ্গে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রামীণফোন হাউসের সামনে আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

আজ সোমবার সংবাদমাধ্যম ও জনসাধারণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানায় ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’। সংগঠনটির আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব বিবৃতিতে এসব দাবি তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, সাবেক কর্মীরা কোনো অনুদান বা চাকরি ফেরত চান না। তাঁরা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ২০১০ থেকে ২০১২ সালের বকেয়া মুনাফার অংশ, বিলম্বজনিত সুদ ও তহবিলের বিনিয়োগ থেকে অর্জিত আয়সহ আইনানুগ পাওনা বুঝে পেতে চান। দীর্ঘদিনেও এসব পাওনা পরিশোধ না হওয়ায় সাবেক কর্মীরা ও তাঁদের পরিবার অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এরই মধ্যে সাতজন সাবেক কর্মী মারা গেছেন। তাঁদের উত্তরাধিকারীদের পাওনাও দ্রুত পরিশোধের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে সাবেক কর্মীরা শান্তিপূর্ণ মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে দাবি জানিয়ে আসছেন। কিন্তু সমস্যার সমাধান না করে তাঁদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির।

ঐক্য পরিষদের অভিযোগ, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রামীণফোন হাউসের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে। এ সময় তিন নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ২৯ জনের বিরুদ্ধে মামলা ও চার্জশিট দেওয়া হয়। চার্জশিটে ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে গ্রামীণফোন হাউসে জোর করে প্রবেশ এবং প্রায় এক হাজার কর্মীকে অবরুদ্ধ করার অভিযোগ আনা হয়।

তবে এসব অভিযোগের সত্যতা ও প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছে ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, অভিযুক্তদের অনেকেই ঘটনার দিন ঢাকায় বা ঘটনাস্থলে ছিলেন না। তাই সিসিটিভি ও ভিডিও ফুটেজ যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, পাওনা আদায়ের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিটিআরসিতে একাধিকবার আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান পাওয়া যায়নি। দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব ও দীর্ঘসূত্রতার কারণেও সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ সংগঠনটির।

এ পরিস্থিতিতে ঐক্য পরিষদ ৭ দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— ২৫ ফেব্রুয়ারির ঘটনার সিসিটিভি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে নিরপেক্ষ তদন্ত, পুলিশের লাঠিপেটা ও জলকামান ব্যবহারের ঘটনা এবং নারী আন্দোলনকারীদের সঙ্গে আচরণের তদন্ত, ২৯ জনের বিরুদ্ধে আনা অভিযোগ পৃথকভাবে যাচাই এবং প্রয়োজন হলে অধিকতর তদন্ত।

এ ছাড়া ডাব্লিউপিপিএফ এবং ডাব্লিউডাব্লিউএফ’র মূল অর্থ, সুদ, বিনিয়োগের আয় ও ট্রাস্টি বোর্ডের হিসাব স্বাধীনভাবে নিরীক্ষা করে প্রকৃত পাওনা নির্ধারণ, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে সময়সীমা নির্ধারণ করে আলোচনা এবং মৃত কর্মীদের উত্তরাধিকারীসহ সবার পাওনা পরিশোধের দাবি জানানো হয়েছে। বিচারাধীন মামলার বিষয়টি বিবেচনায় রেখে আদালতের অনুমতি সাপেক্ষে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমেও সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে গ্রামীণফোন কর্তৃপক্ষকে প্রতিহিংসামূলক আচরণ পরিহার করে আলোচনায় বসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আইন অনুযায়ী দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত