কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন

ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় একটি ইটভাটার চিমনি ও চুল্লি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। একই অভিযানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির বেশ কয়েকটি চুল্লিও ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার দিনভর উপজেলার পৃথক দুটি স্থানে যৌথভাবে এ অভিযান চালানো হয়।
অভিযানে বড় কাঁঠালিয়া এলাকার এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট তৈরির চুল্লি ভেঙে অকার্যকর করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও চিমনি নির্মাণের প্রয়োজনীয় অনুমোদন না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া চেঁচরীরামপুর ইউনিয়নের তফসেরের খেয়াঘাটসংলগ্ন এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির বেশ কয়েকটি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা এবং বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ। এ সময় পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ‘এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়েছে। পরবর্তী সময়ে ১২০ ফুট উচ্চতার যেসব ইটভাটার চিমনি রয়েছে, সেসব ভাটায়ও অভিযান চালানো হবে।’
তিনি জানান, পরিবেশদূষণ রোধে অবৈধ ইটভাটা ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









