বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ছয় জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ঝালকাঠি। জেলাটিতে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৩৭ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩৮ জন।
আজ শনিবার বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ঝালকাঠি জেলার ৩১টি কলেজ থেকে ৪ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ৪৫৭ জন। অনুপস্থিত ছিলেন ২৪২ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৬৫৩ জন। অকৃতকার্য হয়েছেন ২ হাজার ৮০৪ জন।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৪৯৮ জন এবং মেয়ে ১ হাজার ১৫৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। তাঁদের মধ্যে মাত্র ছয়জন ছেলে।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। জেলাটিতে পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বরিশালের পাসের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া বরগুনায় ৪৪ দশমিক ৬৬, ভোলায় ৩৯ দশমিক ৫৪ এবং পটুয়াখালীতে ৩৮ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
অন্যদিকে, ছয় জেলার মধ্যে সবচেয়ে কম পাসের হার ঝালকাঠিতে।
এদিকে, পুরো বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ৩৫০টি কলেজ থেকে এ বছর ১ লাখ ৬ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৮ হাজার ৪১২ জন।










