যশোরে বিএনপি নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেল, চিরকুটে হত্যার হুমকি

যশোরে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়ি থেকে দুটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু ও হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের ওই নেতার বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় বিএনপি নেতা ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হুমকি পাওয়া শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
শিমুল হোসেন জানান, সকালে বাড়ির উঠানের এক পাশে লাল স্কচটেপে মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে সেগুলো ককটেলসদৃশ মনে হলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বস্তু দুটি উদ্ধার করে। এ সময় কাছেই একটি চিরকুট পাওয়া যায়। এতে তাঁকে হত্যার হুমকিসহ বিভিন্ন গালিগালাজ লেখা ছিল।
তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে ককটেল ছুড়ে মারে। দেশকে অস্থিতিশীল করতে চায়—এমন লোকজনই এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁর ধারণা। বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল, কোতোয়ালি থানা ও সাজিয়ালী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরে অবিস্ফোরিত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে।
খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মুজিব সড়কের পুরোনো আদালত ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে বকুলতলা এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে করে কয়েকজন এসে এসব ককটেল ছুড়ে পালিয়ে যান। বিস্ফোরণে বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলেও কেউ হতাহত হননি।
পুলিশের একটি সূত্রের দাবি, শহরের এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক সন্দেহের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল জোরদার করা হয়েছে।









